নেইমারের ভার ভিনির কাঁধে, পারবেন তো?

0
নেইমারের ভার ভিনির কাঁধে, পারবেন তো?

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর, আর সেই মঞ্চে শিরোপার খোঁজে চিরচেনা হলুদ জার্সি। কিন্তু এবারের ব্রাজিল কি পারবে হেক্সা মিশনের স্বপ্ন পূরণ করতে? সব আলো যখন ভিনিসিয়াস জুনিয়রের ওপর, ঠিক তখনই উঠে আসছে এক বড় প্রশ্ন, রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার কি পারবেন সেলেসাওদের হয়ে তার নামের প্রতি সুবিচার করতে?

ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রের ক্লাব ক্যারিয়ারে সাফল্যের কোনো কমতি নেই। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগা হোক কিংবা চ্যাম্পিয়নস লিগ, প্রতিটি ম্যাচেই যেন তিনি এক অপরাজেয় শক্তি। অথচ জাতীয় দলের জার্সি গায়ে চাপলেই যেন সব জাদুকরী পারফরম্যান্স উবে যায় তার।

৪৯টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র নয়টি গোল, যার অধিকাংশই এসেছে প্রীতি ম্যাচে; এই পরিসংখ্যানই বলে দেয়, দেশের হয়ে বড় মঞ্চে কতটা বিবর্ণ ভিনিসুয়াস।

২০২৪ কোপা আমেরিকায় নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে দর্শক হয়ে বসে থাকতে হয়েছিল তাকে, যা আজও ব্রাজিলের ভক্তদের হৃদয়ে বড় এক আক্ষেপের নাম। এখন বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, আর নেইমারের চোট ও বয়সের ভারে বিপর্যস্ত ব্রাজিল তাকিয়ে আছে ভিনিসিয়াসের দিকেই। দলের ভরসার প্রতীক হিসেবে নিজেকে প্রমাণ করার এটিই কি সেই মোক্ষম সময়? নাকি বড় মঞ্চের চাপের কাছে আবারও হার মানবেন এই ফরোয়ার্ড?

প্রতিপক্ষ তাকে থামানোর জন্য ছক কষছে, মাঠে নেমে কঠিন ট্যাকল দিয়ে তাকে আটকে ফেলার আপ্রাণ চেষ্টা করছে। এই প্রতিকূলতা পেরিয়ে ভিনিসিউস কি পারবেন তার সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিতে? রাফিনিয়া বা এনদ্রিকের মতো তরুণরা প্রস্তুত থাকলেও ব্রাজিলের আকাশছোঁয়া প্রত্যাশার ভার এখন শুধুই ভিনির কাঁধে। ফুটবল বিশ্ব তাকিয়ে আছে, কিংবদন্তিদের উত্তরসূরি হয়ে ভিনি কি পারবেন ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে নীল নকশা আঁকতে? 

সূত্র: গোল ডটকম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here