নেইমারকে কতক্ষণ খেলানো হবে? যা বললেন কোচ

0
নেইমারকে কতক্ষণ খেলানো হবে? যা বললেন কোচ

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও ব্রাজিল দলে ফিরছেন নেইমার জুনিয়র। তবে প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে ফেরা এই তারকাকে কতক্ষণ মাঠে রাখা হবে, তা নিয়ে এখনই স্পষ্ট করে কিছু জানাননি কোচ কার্লো আনচেলত্তি।

‘সি’ গ্রুপে দুই ম্যাচ শেষে শীর্ষে রয়েছে ব্রাজিল। নকআউট নিশ্চিত না হলেও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তুলনামূলক স্বস্তিতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই ম্যাচেই নেইমারের প্রত্যাবর্তন ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ফুটবল বিশ্বে।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের শারীরিক অবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন আনচেলত্তি। তিনি বলেন, নেইমার এখন সম্পূর্ণ প্রস্তুত এবং দলের সঙ্গে ভালোভাবে অনুশীলন করেছেন।

ব্রাজিল কোচ বলেন, ‘নেইমার প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য ভালোভাবে তৈরি। আমরা সবাই খুব খুশি। তার গুণগত মান দলের জন্য বড় ভূমিকা রাখতে পারে।’

নেইমার সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, এরপর চোটের কারণে দীর্ঘ সময় বাইরে ছিলেন। চলতি বছরের ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে আবারও চোটে পড়েন তিনি।

তবে এবার তাকে কতক্ষণ খেলানো হবে, সেই প্রশ্নে সরাসরি উত্তর এড়িয়ে যান আনচেলত্তি। তার বক্তব্যে অবশ্য ইঙ্গিত পাওয়া গেছে যে নেইমার পুরো ম্যাচ খেলতেও প্রস্তুত।

তিনি আরও বলেন,‘সে ৯০ মিনিট খেলতেও পারে। শারীরিকভাবে ভালো অবস্থায় আছে এবং অনুশীলনও দারুণ হয়েছে। আমি তার পারফরম্যান্সে খুবই সন্তুষ্ট।’

বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সেই ম্যাচেই ব্রাজিলের জার্সিতে ফিরতে যাচ্ছেন নেইমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here