মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম গোলামির চুক্তি বাতিল, হামে শিশুমৃত্যু রোধে কার্যকর ব্যবস্থাগ্রহণ এবং বরিশাল শিশু হাসপাতাল অবিলম্বে চালুর দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাসদ জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী।
বরিশাল জেলা শাখার সদস্য শহীদুল হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ প্রমুখ।
এ সময়ে নেতৃবৃন্দ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল চুক্তির নামে যে চুক্তি করেছেন তা দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ববিরোধী। নির্বাচনের আগে ইউনূস সরকার দাসত্বের চুক্তি করে গেছে। ইতোমধ্যে এই চুক্তি আমেরিকার সুপ্রিম কোর্ট অবৈধ বলে ঘোষণা করেছেন। তড়িঘড়ি করে করা চুক্তিতে বিভিন্নভাবে বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া শর্ত সামনের দিনে বাংলাদেশের অর্থনীতি এবং সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানবে এবং যার ভুক্তভোগী হবে দেশের ডেইরি শিল্প – পোল্ট্রি শিল্প, মৎস্য্য শিল্প, ঔষধ শিল্প এবং এ সকল শিল্পের শ্রমিক-কৃষকসহ দেশের শ্রমজীবী মানুষ।
তারা আরও বলেন, ইতোমধ্যে মালয়েশিয়া এই চুক্তি বাতিল করেছে, ভারত এই চুক্তি স্থগিত করেছে। অন্যদিকে বাংলাদেশের বর্তমান সরকার এবং বিরোধীদলীয় জোট মার্কিনীদের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সর্বশেষ স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা সংসদে আলোচনা তুললেও আইনের দোহাই দিয়ে দেশের স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তির বিষয়ে আলোচনা করতে দেওয়া হয়নি। এখান থেকেই বোঝা যায়, এই চুক্তি শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের সম্মতিতে হয়নি, বর্তমান সরকার এবং বিরোধীদলীয় জোট এই চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে বর্তমান সরকার চুক্তি অনুযায়ী বোয়িং বিমান কেনার জন্য চুক্তি করেছে, অতিরিক্ত মূল্য দিয়ে আমেরিকা থেকে ৫৭ হাজার মেট্রিক টন গম ক্রয় করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি সম্প্রতি হাম-রুবেলায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ত্রিশ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে। সর্বশেষ সংবাদপত্রের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৫০০ শিশু মৃত্যুবরণ করেছে। আমরা সেসব শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। কিন্তু একইসঙ্গে হামের টিকাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, সরকারপক্ষ থেকে গুরুত্বের সঙ্গে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বরিশাল শিশু হাসপাতালসহ বিভাগীয় শিশু হাসপাতালগুলো চালু করা প্রয়োজন। এ সময় ইউনিয়ন-গ্রাম পর্যায়ে টিকা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ এবং হাসপাতালগুলোতে হাম রোগীদের জন্য বিশেষ ওয়ার্ড চালু করার দাবি জানান তারা।

