ভারতীয় ওপেনার অভিষেক শর্মা আবারও ঝড় তুললেন আইপিএলে। নিজের আগের রেকর্ড ভেঙে মাত্র ১৫ বলে ফিফটি করে সানরাইজার্স হায়দরাবাদের ইতিহাসে দ্রুততম অর্ধশতকের নতুন নজির গড়েছেন তিনি। শনিবার হায়দরাবাদে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এই কীর্তি গড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ইনিংসের শুরুটা খুব দ্রুত হয়নি অভিষেকের। প্রথম ৮ বলে তার সংগ্রহ ছিল ১৮ রান। তবে পরের ৭ বলেই বদলে যায় দৃশ্যপট। টানা পাঁচটি চার ও দুটি ছক্কায় পৌঁছে যান ফিফটিতে।
এর আগে ২০২৪ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ বলে ফিফটি করে সানরাইজার্সের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন অভিষেক নিজেই। পরে একই মৌসুমে ১৬ বলে দুটি ফিফটি করে সেই রেকর্ডে ভাগ বসান ট্রাভিস হেড।
অভিষেকের ১৫ বলে ফিফটি এখন আইপিএল ইতিহাসের যৌথভাবে তৃতীয় দ্রুততম অর্ধশতক। তার চেয়ে কম বলে ফিফটি রয়েছে কেবল চার ব্যাটসম্যানের- ইয়াশস্বী জয়সওয়াল (১৩), লোকেশ রাহুল (১৪), প্যাট কামিন্স (১৪) ও রোমারিও শেফার্ড (১৪)।
চেন্নাইয়ের বিপক্ষে প্রথম ওভারে ৩ বলে মাত্র ২ রান নেন অভিষেক। এরপর দ্বিতীয় ওভারে মুকেশ চৌধুরিকে ছক্কা হাঁকান। তৃতীয় ওভারে ম্যাথু শর্টকে মারেন আরেকটি ছক্কা। চতুর্থ ওভারের শেষ দুই বলে আনশুল কাম্বোজকে টানা দুই চার মেরে গতি বাড়ান তিনি।
পঞ্চম ওভারে শর্টের প্রথম বলে ট্রাভিস হেড সিঙ্গল নেওয়ার পর বাকি পাঁচ বলে তিনটি চার ও দুটি ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন অভিষেক।
তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। অষ্টম ওভারে আউট হওয়ার আগে ২২ বলে ৫৯ রান করেন এই ওপেনার। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।
চলতি আসরে শেষ চার ইনিংসে এটি ছিল ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের দ্বিতীয় ফিফটি। এর আগে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৮ বলে ফিফটি করে ২৮ বলে ৭৪ রান করেছিলেন তিনি। বাকি দুই ইনিংসে ফিরেছিলেন শূন্য রানে।

