রাশিয়ান চলচ্চিত্র নির্মাতা পাশা তালানকিন। যিনি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী তথ্যচিত্র ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’-এর সহ-পরিচালক এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) নিউইয়র্ক বিমানবন্দরের একটি নিরাপত্তা চৌকিতে একজন কর্মকর্তা তাকে প্রায় ৩ দশমিক ৮ কেজি ওজনের অস্কার পুরস্কারের মূর্তিটি বিমানে বহন করে নিয়ে যেতে বাধা দেন।
পরের দিন সকালে লুফথানসারের একটি ফ্লাইটে জার্মানির ফ্রাঙ্কফুর্টে পৌঁছান তিনি। সেখানে অবতরণের পর তিনি বলেন, মার্চ মাসে অস্কারটি জেতার পর থেকে তিনি কোনো ঘটনা ছাড়াই একাধিকবার বিমানে ভ্রমণ করেছেন। তারা কীভাবে একটি অস্কারকে অস্ত্র হিসেবে বিবেচনা করে, তা একেবারেই হতবাক করার মতো। এটি নিয়ে কেবিনে ভ্রমণ করেছি, কখনও কোনো ধরনের সমস্যা হয়নি।
তিনি জানান, চেকপয়েন্টে লুফথানসা এয়ারলাইনের একজন এজেন্ট চলচ্চিত্র নির্মাতাকে গেট পর্যন্ত নিয়ে যেতে এবং পুরো ফ্লাইটজুড়ে মূর্তিটি নিজের কাছে রাখতে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু নিরাপত্তা কর্মকর্তা তা প্রত্যাখ্যান করেন। তিনি উল্লেখ করেন, ককপিটে অস্কারটি রাখার একটি প্রস্তাবও বিমানবন্দর নিরাপত্তা এবং লুফথানসার একজন সুপারভাইজার নাকচ করে দেন।
চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক রবিন হেসমান রুশ ভাষায় কথা বলেন। তিনি বিমানবন্দর নিরাপত্তা ও বিমান সংস্থার কর্মীদের সঙ্গে কথোপকথনের সময় অনুবাদে সাহায্য করার জন্য তালানকিন তার সঙ্গে যোগাযোগ করেন। তবে অন্য কোনো উপায় না থাকায়, তালানকিনকে পুরস্কারটি কার্গো হিসেবে চেক-ইন করতে বলা হয়।
শুক্রবার (১ মে) জার্মান বিমান সংস্থা লুফথানসার এ ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি ব্যাপক খোঁজাখুঁজির পর পাশা তালানকিনের হারানো মূর্তিটি খুঁজে পেয়েছে বলে জানিয়েছে।
রাশিয়ার একটি ছোট শহরের স্কুলের ৩৫ বছর বয়সী ভিডিওগ্রাফার তালানকিন। মার্চ মাসে মার্কিন চলচ্চিত্র নির্মাতা ডেভিড বোরেনস্টাইনের সঙ্গে সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে একাডেমি অ্যাওয়ার্ড জিতে আলোড়ন সৃষ্টি করেন। তিনি রাশিয়া থেকে চোরাচালান করে আনা ফুটেজ দিয়ে নির্মিত ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’ তথ্যচিত্রটিতে মস্কোর ইউক্রেন অভিযানের মধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার স্কুলগুলোতে চালু হওয়া যুদ্ধপন্থী দেশপ্রেমিক পাঠের বিবরণ তুলে ধরা হয়েছে।

