নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

0
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। 

নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। তার নানা মোস্তফা আহমেদ নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা এবং মোস্তফা তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিলো শিশু মানহা মনি।মঙ্গলবার সকালে নানার সঙ্গে তার বিদ্যালয়ে যায় শিশু মানহা মনি। দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে বাদাম খেতে দেয়া হয়। বাদাম খাওয়ার একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। এতে সে হঠাৎ তীব্র শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। অবস্থা গুরুতর দেখে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রওনা হন। তবে দুর্ভাগ্যবশত হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে বাদাম আটকে শ্বাসরোধ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here