নারী বিশ্বকাপের প্রাইজমানি ছাড়াল পুরুষদের আসরকেও

0
নারী বিশ্বকাপের প্রাইজমানি ছাড়াল পুরুষদের আসরকেও

পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও নারীদের আসরের জন্য বেশি অর্থ পুরস্কার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার, যা ২০২২ সালের ৩.৫ মিলিয়ন ডলার থেকে প্রায় চারগুণ বেশি।

এই অঙ্ক পুরুষদের সর্বশেষ বিশ্বকাপের ১০ মিলিয়ন ডলারকেও ছাড়িয়ে গেছে। একে নারীদের ক্রিকেটে এক ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে আইসিসি।

এ বিষয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, নারীদের ক্রিকেটের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রাইজমানি বৃদ্ধির মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি যে, নারীরা পেশাদারভাবে ক্রিকেট বেছে নিলে তাদের পুরুষদের সমান মর্যাদা দেওয়া হবে।

এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার, যা ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাওয়া ১.৩২ মিলিয়নের তুলনায় ২৩৯ শতাংশ বেশি। আর রানার্সআপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার, যেখানে ইংল্যান্ড গত আসরে পেয়েছিল মাত্র ৬ লাখ ডলার।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৩০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। উদ্বোধনী ম্যাচে গৌহাটিতে মুখোমুখি হবে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। দুই প্রতিবেশী দেশের জন্য নিরপেক্ষ ভেন্যু নীতির অংশ হিসেবে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বোয়।

আগামী ২ নভেম্বর মুম্বাই বা কলম্বোতে ফাইনাল অনুষ্ঠিত হবে। পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি হবে কলম্বোয়, অন্যথায় মুম্বাইতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here