গত মাসে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার আবেদন প্রত্যাহার করার পর ইরানের নারী জাতীয় ফুটবল দলের অধিনায়ক জোহরা ঘানবারির স্থাবর-অস্থাবর সম্পদ অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিচার বিভাগ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার প্রাক্কালে ওমেন্স এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ঘানবারিসহ মোট ছয়জন খেলোয়াড় ও একজন স্টাফ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে শেষ পর্যন্ত ঘানবারিসহ পাঁচজন ফুটবলার দলের সঙ্গে দেশে ফিরে আসেন এবং গত ১৯ মার্চ তেহরানে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজান এক প্রতিবেদনে জানিয়েছে, জোহরা ঘানবারির আচরণে ইতিবাচক পরিবর্তন এবং নির্দোষ প্রমাণিত হওয়ার প্রেক্ষিতে আদালতের নির্দেশে তার বাজেয়াপ্ত সম্পদ পুনরায় ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
মাত্র দুই দিন আগেই ইরানি সংবাদমাধ্যমগুলোতে একটি তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে তথাকথিত ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়। সেই তালিকায় ঘানবারির নাম থাকলেও ঠিক কবে তার সম্পদ ফ্রিজ করা হয়েছিল, তা নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সব আইনি জটিলতা কাটিয়ে এই তারকা ফুটবলারের ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা তুলে নিল তেহরান।
সূত্র: আল জাজিরা

