নারায়ণগঞ্জে ত্বকী স্মরণে আলোক প্রজ্বালন

0
নারায়ণগঞ্জে ত্বকী স্মরণে আলোক প্রজ্বালন

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারহীনতার ১৫৯ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৮ জুন) সন্ধ্যায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, আমাদের বিচার ব্যবস্থা এখনো পুরোপুরি প্রধানমন্ত্রীনির্ভর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন তাই ত্বকী হত্যার বিচার সাড়ে ১১ বছর বন্ধ, প্রধানমন্ত্রী তারেক রহমান চেয়েছেন বলে রামিছা হত্যার বিচার ১৯ দিনে সম্পন্ন। এইটি কোনো স্বাধীন বিচারব্যবস্থা নয়, সরকারনিয়ন্ত্রিত বিচারব্যবস্থা।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও আমরা দেশে একটি বিচারব্যবস্থা তৈরি করতে পারিনি। এত বছরে দেশে কোনো সরকারই তা চায় নাই। সরকারগুলো চেয়েছে বিচারব্যবস্থাকে কেবল ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার বানাতে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা না গেলে এই বিচারব্যবস্থায় জনগণের লাভ হবে না।

রফিউর রাব্বি বলেন, এ পর্যন্ত ১০৪ বার ধার্য তারিখ অতিবাহিত হলেও অভিযোগপত্র আদালতে জমা পড়েনি। শেখ হাসিনার শাসনামলে ত্বকীর ঘাতকরা বীরদর্পে সারা শহর দাপিয়ে বেরিয়েছে। এখন ঘাতকরা পালিয়ে গেলেও সে ঘাতকের ছবি নিয়ে দুর্বৃত্তরা এখনো মিছিল করে। প্রশাসন তখনো ঘাতকদের বিরুদ্ধে ছিল না, এখনো তাদের ব্যাপারে নীরব। 

সমাবেশে বক্তারা দ্রুত ত্বকী হত্যার বিচার দাবি করেন। ১৪ বছর আগে সংঘটিত সাগর-রুনি হত্যা ও ১০ বছর আগে সংঘটিত তনু হত্যা-সহ নারায়ণগঞ্জে ওসমান পরিবার দ্বারা নিহত সকল হত্যার বিচার দাবি করেন।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু ও ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন-সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here