নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

0
নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নাটোর সদর উপজেলার মদনহাট এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ফুচকা ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত শরিফুলের দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার নাটোর শহরে এসে মানববন্ধন করেছে ভুক্তভোগী শিশুর এলাকাবাসী। 

এ ঘটনায় শিশুটিকে দেখতে ও তার চিকিৎসার খবর নিতে নাটোর আধুনিক সদর হাসপাতালে ছুটে যান জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার শরীফুল হক, নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুুরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

স্থানীয়রা জানান, মদনহাট এলাকার আব্বাস আলীর ছেলে শরিকুল ইসলাম মঙ্গলবার বিকেলে শিশুটিকে ফুচকা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর ঘটনাটি কাউকে জানালে জবাই করে মেরে ফেলার ভয় দেখায় ফুচকা বিক্রেতা শরিফুল। কিন্তু শিশুটির অস্বাভাবিক আচরণ ও অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকায় বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসে। পরের দিন বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। ঘটনাটি বুধবার সন্ধ্যায় জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতে অভিযুক্ত শরিফুল ইসলামকে তার বাড়ি থেকে বের করে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। 

ভুক্তভোগী শিশুটির বাবা একজন দিনমজুর। শিশুটির ওপর এমন অমানবিক ও পাশবিক নির্যাতনের ঘটনায় মেয়ের বাবা ও এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শরিফুল ইসলামকে আসামি করে নাটোর সদর থানায় মামলা দায়ের করেছেন। 

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মামলা দায়েরের পরে শরিফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় ধর্ষণকারীর বিচারে দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বিক্ষোভকারীরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে দেশের সকল মানুষকে সোচ্চার হওয়ার দাবি জানান। 

এদিকে, বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি ও তার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বর্তমান সরকার কোনো খুন-ধর্ষণকে বরদাশত করবে না। দোষী যতবড় ক্ষমতাশালী হোক না কেন দ্রুত তার বিচার করতে হবে। অল্প সময়ের মধ্যে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে বিচারকার্য শুরু করতে প্রশাসনকে আহ্বান জানান দুলু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here