নাইটক্লাবের ঘটনায় ২০ বছর পর বোমা ফাটালেন রুবি, বিপাকে কেটি পেরি

0
নাইটক্লাবের ঘটনায় ২০ বছর পর বোমা ফাটালেন রুবি, বিপাকে কেটি পেরি

জনপ্রিয় পপ গায়িকা কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ এনেছেন ‘ব্যাটওম্যান’ ও ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ খ্যাত অভিনেত্রী রুবি রোজ। সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস-এ দেওয়া এক পোস্টে রুবি দাবি করেন, প্রায় দুই দশক আগে মেলবোর্নের একটি নাইটক্লাবে কেটি পেরি তাকে যৌন হেনস্তা করেছিলেন। তবে কেটি পেরির পক্ষ থেকে এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, ভয়ংকর এবং দায়িত্বজ্ঞানহীন মিথ্যা’ বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।

রুবি রোজের দাবি অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল মেলবোর্নের ‘স্পাইস মার্কেট’ নাইটক্লাবে যখন তার বয়স ছিল ২০-এর কোঠায়। রুবির অভিযোগ, তিনি যখন তার এক বন্ধুর কোলে বিশ্রাম নিচ্ছিলেন, তখন কেটি পেরি অশালীনভাবে তার গায়ের ওপর হেলে পড়েন এবং অত্যন্ত কুরুচিপূর্ণ আচরণ করেন, যার ফলে তিনি আতঙ্কিত হয়ে বমি করে দিয়েছিলেন। 

রুবি আরও জানান, সেই সময় বিষয়টিকে তিনি একটি ‘মজাদার মাতাল গল্পের’ আড়ালে লুকিয়ে রেখেছিলেন কারণ তিনি জানতেন না কীভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। পরবর্তীতে কেটি পেরি তাকে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাহায্য করায় তিনি দীর্ঘ সময় মুখ খোলেননি। বর্তমানে ৪০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ট্রমা কাটিয়ে জনসমক্ষে সত্য বলতে তার প্রায় ২০ বছর সময় লেগেছে।

এদিকে কেটি পেরির প্রতিনিধি ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, রুবি রোজের এই দাবিগুলো কেবল ‘মিথ্যাই নয়, বরং বিপজ্জনক’। বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুরুতর অভিযোগ আনার দীর্ঘ ইতিহাস রয়েছে রুবির, যা বরাবরই সংশ্লিষ্ট পক্ষগুলো অস্বীকার করে আসছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার কোচেলা মিউজিক ফেস্টিভ্যালে কেটি পেরি তার সঙ্গী জাস্টিন ট্রুডোর সঙ্গে উপস্থিত ছিলেন। সেখানে জাস্টিন বিবারের পরিবেশনা নিয়ে কেটি পেরির একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া তর্কের সূত্র ধরেই রুবি রোজ এই অভিযোগ সামনে আনেন।

উল্লেখ্য, ২০১০ সালের আগস্টে মেলবোর্নের ওই নাইটক্লাবে কেটি পেরি ও রুবি রোজের একসঙ্গে থাকার বিষয়টি সে সময়ের গণমাধ্যমেও চাউর হয়েছিল। তবে নাইটক্লাবটির তৎকালীন এক ব্যবস্থাপক জানিয়েছেন, সেদিন তারা দুজনেই মদ্যপ থাকলেও এমন কোনো অপ্রীতিকর ঘটনা তাদের চোখে পড়েনি। প্রথমে আইনি পদক্ষেপ নিতে অনাগ্রহী থাকলেও পরবর্তী এক পোস্টে রুবি জানিয়েছেন, তিনি থানায় গিয়েছেন এবং বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানাবেন। 

এই চাঞ্চল্যকর অভিযোগ বর্তমানে হলিউড ও সংগীতবিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ভ্যারাইটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here