নরসিংদীতে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, টেবিলে মিলল চিরকুট

0
নরসিংদীতে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, টেবিলে মিলল চিরকুট

নরসিংদীর শিবপুরে মো. বিল্লাল হোসাইন (৫০) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার কক্ষের টেবিল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার কলেজগেট স্কুলসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল হোসাইন গাজীপুরের কাপাসিয়া উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়-এর সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালে তিনি ওই বিদ্যালয়ে যোগদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিল্লাল হোসাইনের ছেলে কলেজে এবং স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে যান। পরে স্ত্রী বাসায় ফিরে দরজা-জানালা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় বিল্লাল হোসাইনকে দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের একটি টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ জব্দ করে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, সহকারী প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। কেন তিনি এ পথ বেছে নিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে হতাশায় ভুগছিলেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চিরকুটটি তার লেখা কি না, তা যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এর বিষয়বস্তু প্রকাশ করা হচ্ছে না।

তিনি আরও বলেন, ঘটনার পেছনে পারিবারিক বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here