বাগেরহাটের মোংলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, জলবায়ু সহনশীল ভবিষ্যতের ভিত্তি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি।
শুক্রবার (৫ জুন, ২০২৬) সকালে বিশ্ব পরিবেশ দিবসে মোংলার মৈদাড়ায় মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপার। সেখানে বক্তারা এই মন্তব্য করেন।
তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি কেবলমাত্র শক্তির উৎস নয়, বরং এটি সামাজিক পরিবর্তন ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির ভিত্তি। জ্বালানির আকস্মিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে দেশে জ্বালানি সংকট তৈরি হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।
‘ইনস্পায়ার্ড বাই ন্যাচার, ফর ক্লাইমেট, ফর আওয়ার ফিউচার’ প্রতিপাদ্যে বিশ্ব সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) নেতা অ্যাডভোকেট সার্বভৌম রায়, মোংলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশের কমলা সরকার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমুল হক, রাকেশ সানা, অসীমা মণ্ডল, মেহেদী হাসান প্রমুখ।

