নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাকের চাপায় আমেনা হাসান বিপাশা (৩৭) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা হাসান উপজেলা সদর লক্ষীপাশার বাসিন্দা তানভীর আহমেদ রুবেলের স্ত্রী। তিনি পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকালে ভ্যানযোগে লক্ষীপাশা থেকে কর্মস্থল পাংখারচরে যাচ্ছিলেন। পথিমধ্যে আলাউদ্দীন মুন্সী ওরফে আলা মুন্সীর মোড়ে পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে আমেনা গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০শয্যা হাসপাতালে নিয়ে ভর্তির পর বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমেনা হাসান বিপাশা কমিউিনিটি ক্লিনিকে কর্মরত ছিলেন। বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাক চাপায় মারা যান।

