নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান

0
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে যা করবে পাকিস্তান

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। আর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। সেই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের নেওয়ার এমন সিদ্ধান্তের পর সবার মনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী করবে পাকিস্তান?

এ বিষয়ে গতকাল বুধবার কথা বলেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা একটি প্রতিবেদনে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে সরকারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে পাকিস্তান।

কলম্বোতে সংবাদমাধ্যমকে সালমান আগা বলেন, ‘ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্তটা আমাদের হাতে ছিল না। এটি ছিল সরকারের সিদ্ধান্ত। যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হয়, আমরা আবার সরকারের কাছে যাব এবং তাদের পরামর্শ অনুযায়ীই সিদ্ধান্ত নেব।’

বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল পাকিস্তান। তারা বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবিও তুলেছিল। শেষ পর্যন্ত পাকিস্তান দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ না খেলতে নির্দেশ দেয় সরকার।

বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় খারাপ লাগছে। তাদের দল খুব ভালো ছিল। আশা করি, তারা আমাদের সমর্থন করবে।’

এক দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। দুই দল কেবল বহুজাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হয়।

গ্রুপ পর্বে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। আগের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের কথা স্মরণ করে আগা বলেন, ‘গত বিশ্বকাপে আমরা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিলাম। এবার সেই হতাশা পেছনে ফেলে কিছু ভুল শুধরে নিতে চাই।’

ভারতের বিপক্ষে ম্যাচ না খেলায় পাকিস্তান হারাবে দুই পয়েন্ট এবং বড় ধাক্কা খাবে নেট রান রেটে। বৃষ্টির কারণে কোনো ম্যাচ ভেস্তে গেলে কোয়ালিফিকেশন আরও কঠিন হয়ে উঠতে পারে।

এ বিষয়ে অধিনায়ক বলেন, ‘ভুলের সুযোগ খুব কম, সেটা আমরা জানি। কিন্তু আবহাওয়া আমাদের হাতে নেই। আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here