‘ধুরন্ধর থ্রি’ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির সহ-প্রযোজক জ্যোতি দেশপান্ডের বক্তব্যে ইঙ্গিত মিলেছে, জনপ্রিয় এই সিরিজে এখনই শেষ টানা হচ্ছে না, বরং সামনে আসতে পারে নতুন চমক।
২০২৫-২৬ সালের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি বক্স অফিসে সাফল্যের পর দর্শকদের আগ্রহ এখনো তুঙ্গে। রণবীর সিংয়ের ‘হামজা’ চরিত্রটি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই পরবর্তী কিস্তি নিয়ে নতুন বার্তা দিলেন প্রযোজক পক্ষ।
জ্যোতি দেশপান্ডে জানান, ধুরন্ধর নিয়ে তাদের কাজ এখনো শেষ হয়নি। চলতি বছরের শেষ নাগাদ দর্শকদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।
এর আগে পরিচালক আদিত্য ধর তৃতীয় কিস্তি নির্মাণে অনীহা প্রকাশ করেছিলেন। তবে প্রযোজকের সাম্প্রতিক বক্তব্যে সেই অবস্থানে পরিবর্তনের আভাস পাচ্ছেন ভক্তরা।
অন্যদিকে, সিনেমাটির দ্বিতীয় পর্বের শেষে ‘ধুরন্ধর দ্য ফাইনাল চ্যাপ্টার ১৪ জুন, ২০২৬’ লেখা ভেসে ওঠায় দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়। অনেকেই ধারণা করছেন, ওই সময়েই নতুন কিস্তি নিয়ে বড় ঘোষণা আসতে পারে।
তবে বিষয়টি নিয়ে ভিন্ন মত দিয়েছেন অভিনেতা রাকেশ বেদি। তিনি মনে করেন, তৃতীয় কিস্তি নাও আসতে পারে। তার ভাষ্য, দ্বিতীয় পর্বের শেষেই গল্পের একটি সমাপ্তির ইঙ্গিত রয়েছে।
এত কিছুর পরও ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে প্রযোজকের ইঙ্গিত আর ভক্তদের প্রত্যাশা মিলিয়ে বছরের শেষটা যে চমকপ্রদ হতে যাচ্ছে, তা বলাই যায়।

