চলতি আইপিএলে দুর্নীতিবিরোধী তৎপরতা আরও কঠোর করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার শুধু খেলোয়াড় বা দলীয় কর্মকর্তাদের নয়, নজরদারির আওতায় আনা হয়েছে খেলোয়াড়দের পরিবারের সদস্য, সম্প্রচারক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাতাদেরও।
দলগুলোর আশপাশে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন বোর্ড। বিসিসিআইয়ের আশঙ্কা, ভিডিও, রিলস কিংবা নেপথ্যের বিভিন্ন কনটেন্টের মাধ্যমে অসাবধানতাবশত গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য প্রকাশ হয়ে যেতে পারে।
এ কারণেই চলতি মৌসুমে কয়েকজন ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচ চলাকালে এক সাবেক ক্রিকেটারকে ডাগআউটের কাছে মোবাইলে ভিডিও ধারণ করতে দেখা যায়। পরে বিসিসিআইয়ের কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করে তাকে রেকর্ডিং বন্ধ করার নির্দেশ দেন।
এছাড়া ইউটিউবের জন্য ভিডিও ধারণ করা আরেক সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর কথাও ভাবা হচ্ছে। বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, বিসিসিআই বা আইপিএলের অফিসিয়াল পোশাক পরে মাঠে ভিডিও ধারণ করা যাবে না।
আইপিএলকে ঘিরে কনটেন্ট তৈরির প্রবণতা দ্রুত বাড়তে থাকায় বিষয়টি নিয়ে আরও সতর্ক হয়েছে বিসিসিআই। বর্তমানে খেলোয়াড়, সাবেক ক্রিকেটার, ইনফ্লুয়েন্সার এবং পরিবারের সদস্যরাও নিয়মিত দলীয় হোটেল, বিমানবন্দর ও স্টেডিয়ামের ভেতরের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।
এ অবস্থায় দুর্নীতিবিরোধী নজরদারি এখন খেলোয়াড়দের ঘনিষ্ঠ পরিমণ্ডল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। জানা গেছে, টুর্নামেন্ট চলাকালে পরিবারের সদস্যদেরও ছবি বা ভিডিও পোস্ট না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোকে সতর্ক করা হয়েছে, যাতে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতারা দলীয় পরিবেশে অতিরিক্ত প্রবেশাধিকার না পান।

