ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন হাকিমি

0
ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন হাকিমি

ফ্রান্সে ধর্ষণের অভিযোগে আনুষ্ঠানিকভাবে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন মরক্কোর অধিনায়ক ও পিএসজি তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। ফরাসি আদালত দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চালানোর জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলে সিদ্ধান্ত দিয়েছে। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসা হাকিমি একে ‘মিথ্যা অভিযোগ’ বলে দাবি করেছেন। 

ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এক তরুণী হাকিমির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, প্যারিসের উপকণ্ঠে বুলোন-বিয়ঁকুরে অবস্থিত হাকিমির বাসভবনে ওই ঘটনা ঘটেছিল।

এরপর প্রায় তিন বছর ধরে তদন্ত চালানো হয়। তদন্ত শেষে প্রসিকিউটররা মামলাটি পূর্ণাঙ্গ বিচারের জন্য আদালতে পাঠানোর সুপারিশ করেন। সর্বশেষ ভার্সাই আপিল আদালতও সেই সিদ্ধান্ত বহাল রাখায় এখন ফৌজদারি আদালতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পথ খুলে গেছে।

আদালতের সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান হাকিমি। তিনি দাবি করেন, তার খ্যাতির কারণেই মামলাটি এতদূর গড়িয়েছে।

হাকিমি লিখেছেন, ‘আদালত আমাকে বলেছে, ‘‘আপনি যদি বিখ্যাত না হতেন, তাহলে এই মামলাই হতো না।’’ আমি বছরের পর বছর নীরব থেকেছি। ভেবেছিলাম মর্যাদা বজায় রেখে, ধৈর্য ধরে এবং বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখে সঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে।’

অন্যদিকে অভিযোগকারী পক্ষের আইনজীবী রাচেল-ফ্লোর পার্দো আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার মতে, তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ বিচার শুরুর জন্য যথেষ্ট।

তিনি বলেন, ‘তদন্তকারী আদালত মনে করেছে, হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার চালানোর মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। এই সিদ্ধান্ত মামলার উপাত্ত, প্রসিকিউটর ও তদন্তকারী বিচারকের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

এদিকে এই আইনি জটিলতার মধ্যেই ২০২৬ বিশ্বকাপে মরক্কো দলকে নেতৃত্ব দিচ্ছেন হাকিমি। শনিবার ভোরে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার দলের। মাঠের লড়াইয়ের পাশাপাশি আদালতের লড়াইকেও এখন সামাল দিতে হবে মরক্কোর এই তারকা ফুটবলারকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here