‘দৃশ্যম ৩’-এ চাপা রহস্য নিয়ে ফিরলেন জর্জকুট্টি

0
‘দৃশ্যম ৩’-এ চাপা রহস্য নিয়ে ফিরলেন জর্জকুট্টি

২০১৩ সালে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’ তার টানটান উত্তেজনা আর পারিবারিক আবেগের মিশেলে বিশ্বজুড়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিল। থ্রিলারের টানটান উত্তেজনা আর পারিবারিক আবেগের দুর্দান্ত মিশেলে তৈরি এই সিনেমায় ‘জর্জকুট্টির’ ভূমিকায় মোহনলালের অভিনয় পেয়েছিল ব্যাপক প্রশংসা।

ছবিটির দ্বিতীয় কিস্তির সফলতার পর সবাই অপেক্ষায় ছিলেন তৃতীয় পর্বের জন্য। অবশেষে জিতু জোসেফ পরিচালিত ‘দৃশ্যম ৩’-এর টিজার প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে মন জয় করে নিয়েছে দর্শকদের।

টিজারটিতে মূল ‘দৃশ্যম’ এবং এর সিক্যুয়েলের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো পুনরায় দেখানো হয়েছে, যেখানে জর্জকুট্টির রোমহর্ষক চিন্তা ভাবনা আর পরিকল্পনায় তার পরিবারকে রক্ষা করার জন্য নেওয়া পদক্ষেপগুলোর একে একে কথা বর্ণনা করা হয়েছে।

তবে সুরটি দ্রুতই অশুভ হয়ে ওঠে, যা ইঙ্গিত দেয় যে তার চাপা পড়ে যাওয়া অতীত আবার ফিরে আসতে পারে। প্রথমবারের মতো, জর্জকুট্টি ভয়ের কথা স্বীকার করেন, যা ইঙ্গিত দেয় যে এই পর্বটি এখন পর্যন্ত সবচেয়ে তীব্র হতে পারে।

একটি শক্তিশালী স্বগতোক্তিতে, তিনি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে বর্ণনা করেন, যার শান্তিপূর্ণ জীবন একজন নষ্ট করে দিতে চায়। তার স্ত্রী ও সন্তানদের রক্ষা করার জন্য তিনি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে নিশ্চিত করেছিলেন, তা স্থায়ীভাবে নির্মূল করা হয়েছে। তবে প্রকাশিত টিজারটিতে রহস্যের শেষ নেয় বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এছাড়াও টিজারে জর্জকুট্টির পরিবারেরও কিছু ঝলক দেখা যায়, যার মধ্যে রয়েছেন তার স্ত্রী রানি (মিনা অভিনীত) এবং দুই মেয়ে (আনসিবা হাসান ও এস্থার অনিল অভিনীত)। এছাড়াও, সিদ্দিক ও আশা শারথ অভিনীত বরুণের বাবা-মায়ের প্রত্যাবর্তন অতীতের ঘটনার দীর্ঘস্থায়ী প্রভাবকে আরও জোরদার করে।

‘অতীত কখনো নীরব থাকে না’ এই ট্যাগলাইন নিয়ে ‘দৃশ্যম ৩’ এমন একটি গল্পের আরও গভীর ও আবেগঘন সমাপ্তির প্রতিশ্রুতি দেয়, যা ভারতীয় সিনেমায় সাসপেন্সের সংজ্ঞা নতুন করে বদলে দেয়। শুরুতে ছবিটির তৃতীয় কিস্তি ১০ এপ্রিল মুক্তির পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত তা পিছিয়ে ২১ মে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

‘দৃশ্যম’ সিরিজের গল্পটি ব্যাপক প্রশংসিত হওয়ার পর হিন্দি, তামিল এবং তেলেগুসহ বিভিন্ন ভাষায় এর রিমেকও তৈরি হয়। হিন্দিতে এই ফ্র্যাঞ্চাইজির প্রধান চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন।​

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here