দুরেফিশানের ‘গোপন বাগদান’ জল্পনায় জল ঢাললেন মেকআপ আর্টিস্ট

0
দুরেফিশানের ‘গোপন বাগদান’ জল্পনায় জল ঢাললেন মেকআপ আর্টিস্ট

পাকিস্তানের তুমুল জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দুরেফিশান সেলিম এবং দেশটির শীর্ষস্থানীয় ইউটিউবার রজব বাটের মধ্যকার কথিত প্রেমের গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জোর চর্চা চলছে। নেটপাড়ার একাংশের দাবি, এই দুই তারকা কেবল প্রেমই করছেন না, বরং গোপনে তাদের বাগদানও সম্পন্ন হয়ে গেছে। 

বিভিন্ন আনভেরিফাইড বা অসত্য পোস্ট এবং ভক্তদের অতি-উৎসাহী মন্তব্যের জেরে এই গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কোনো ধরনের বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই ডানা মেলা এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘সবচেয়ে বাজে দাবি’ বলে উড়িয়ে দিয়েছেন দুরেফিশানের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট যশুয়া আনজুম।

সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের কমেন্ট বক্সে নিজের ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে যশুয়া আনজুম লিখেছেন, এই খবরটি দেখার আগে কেন তিনি অন্ধ বা বধির হয়ে গেলেন না! এটিকে তার শোনা সবচেয়ে বাজে খবর উল্লেখ করে তিনি স্পষ্ট জানান যে, রজব বাটের সঙ্গে দুরেফিশানের বিয়ের কোনো প্রশ্নই ওঠে না এবং আগামী এক মিলিয়ন বছরেও বা কখনো স্বপ্নেও এমন কিছু ঘটা সম্ভব নয়। 

মেকআপ আর্টিস্টের এমন কড়া প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় নতুন করে আলোচনা শুরু হলেও, এখন পর্যন্ত দুরেফিশান কিংবা রজব বাটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

২০২০ সালে ‘দিল রুবা’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটা দুরেফিশান সেলিম বর্তমানে পাকিস্তানের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় অভিনেত্রী। এরপর ‘কাইসি তেরি খুদগার্জি’ এবং ‘ইশক মুর্শিদ’-এর মতো ব্লকবাস্টার নাটকে অভিনয় করে তিনি দর্শকদের ব্যাপক ভালোবাসা কুড়িয়েছেন। অন্যদিকে, ৯ মিলিয়নেরও বেশি ইউটিউব সাবস্ক্রাইবার নিয়ে রজব বাট পাকিস্তানের সোশ্যাল মিডিয়া জগতের এক প্রভাবশালী মুখ। তবে পেশাগত সাফল্যের চেয়ে ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের কারণেই ইদানীং বেশি আলোচনায় আসছেন রজব। ২০২৪ সালে ইমান ফাতিমার সঙ্গে তার জমকালো বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। কিন্তু সেই সংসার বেশিদিন টেকেনি। ইমানের ভাই রজবের বিরুদ্ধে বৈবাহিক প্রতারণার অভিযোগ আনার পর এক পডকাস্টে ডিভোর্সের ঘোষণা দেন রজব। পরবর্তীতে ইমান ও তাদের ছোট সন্তান কিভানকে আইনি নোটিশ পাঠানোর ঘটনাটি নিয়েও বেশ জলঘোলা হয়েছিল। সেই অতীত বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার দেশের শীর্ষ অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়ানোয় নতুন করে চাঞ্চল্য তৈরি হলো।

সূত্র: দ্য কারেন্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here