দুবাই থেকে দেশে ফিরছেন নাসুম আহমেদ

0

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল গত সপ্তাহে দুবাই পৌঁছায়। তবে দলের দুই তরুণ ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন ভিসা সমস্যার কারণে বিমানবন্দরে তিন দিন আটকে পড়েন। শেষ পর্যন্ত সমস্যার সমাধান হলে তারা শুক্রবার রাতে দলের সঙ্গে যোগ দেন।

এই অনিশ্চয়তার মাঝে বিকল্প হিসেবে দ্রুত ডাকা হয়েছিল স্পিনার নাসুম আহমেদকে। তিনিও শুক্রবার রাতেই দুবাইয়ের উদ্দেশে রওনা দেন। কিন্তু নাহিদ ও রিশাদ দলের সঙ্গে যুক্ত হওয়ায় তার আর মাঠে নামার প্রয়োজন হয়নি। ফলে আজ রবিবার (১৮ মে) নাসুম দেশে ফিরে আসছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভিসা সমস্যার কারণে আমরা নাসুমকে দুবাই পাঠিয়েছিলাম। এখন যেহেতু রিশাদ ও নাহিদ দলের সঙ্গে যোগ দিয়েছে, নাসুমকে দেশে ফেরত আনা হচ্ছে। দেশে ফিরে সে চার দিনের ম্যাচে অংশ নেবে।’

উল্লেখ্য, রিশাদ ও রানা এর আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ার পর দুবাই হয়ে দেশে ফিরেছিলেন। কিছুদিনের ব্যবধানে আবারও তাদের দুবাইতে যেতে হলো জাতীয় দলের হয়ে খেলতে, যদিও এবার ভিসা জটিলতায় কিছুটা ভোগান্তির শিকার হতে হয়েছে।

এদিকে, গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রিশাদ ও রানা খেলেননি। তবে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল ২৭ রানের জয় নিয়ে সিরিজ শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here