দুবাই আমাদের ঘরের মাঠ নয় : রোহিত

0

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক সমালোচনার শিকার হয়েছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেট বিশ্বের অনেক দেশই ভারতের পাওয়া সুবিধা নিয়ে সমালোচনা করেছে। বর্তমান ও সাবেক ক্রিকেটাররা তুলে ধরেছেন তাদের বাড়তি সুবিধা পাওয়ার কথা।

বিশেষ করে একই দেশে থেকে সকল ম্যাচ খেলার কথা। তবে বাড়তি সুবিধার বিষয়টি অস্বীকার করলেন রোহিত শর্মা। দুবাই যে নিজেদের ঘরের মাঠ নয়, তা ই জানালেন ভারতীয় অধিনায়ক।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হুসেন থেকে শুরু। এরপর আথারটন থেকে ইনজামাম ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে রাসি ফন ডার ডুসেনও ভারতের বাড়তি সুবিধা নিয়ে কথা বলেন। মূলত রাজনৈতিক কারণে পাকিস্তানে যাওয়ার অনুমতি মেলেনি ভারতের। তাই ‘হাইব্রিড’ মডেলে হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। বাকি দেশগুলো পাকিস্তান সফর করলেও ভারতের বিপক্ষে খেলতে হলে আসতে হয় দুবাইতে।  

এদিকে এক দেশে খেললেও দুবাই যে তাদের হোম গ্রাউন্ড নয়, তা জানালেন রোহিত। পিচের আচরণ ভিন্ন হওয়ার কথা বলেও অস্বীকার করেন সুবিধা পাওয়ার কথা। ভারতীয় অধিনায়ক বলেন, ‘প্রত্যেক সময়, পিচের আচরণ পরিবর্তন হয়। আমরা এখানে তিন ম্যাচ খেলেছি। প্রত্যেক ম্যাচেই পিচের আচরণ ভিন্ন ছিল। এটা আমাদের ঘরের মাঠ নয়। এটা দুবাই। আমরা এখানে অনেক ম্যাচ খেলিনি। আর এই মাঠ আমাদের জন্যও নতুন। ’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে রোহিত আরও বলেন, ‘এই মাঠে চার থেকে পাঁচটি পিচ রয়েছে। দেখেন, আমি নিজেই জানি না কোন পিচে সেমিফাইনাল হবে। কিন্তু যাই হোক, আমাদের মানিয়ে নিতে হবে। দেখা যাক কি হয় আর কি না হয়। আমরা তো এখানেই খেলব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here