দেশের পাঁচ অঞ্চলে শনিবার দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য শনিবার দুপুর ১টা পর্যন্ত জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।
এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে ভোর ৫টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকা সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

