মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস অবশেষে জেফরি এপস্টিনের সাথে তার বিতর্কিত সম্পর্ক এবং অতীতের ব্যক্তিগত জীবনের কিছু গোপন তথ্য নিয়ে মুখ খুলেছেন।
সম্প্রতি প্রকাশিত ‘এপস্টিন ফাইলস’ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়ের মধ্যে গেটস ফাউন্ডেশনের কর্মীদের সাথে এক সভায় তিনি নিজের ভুল স্বীকার করেন। সেখানে তিনি অকপটে জানান যে, অতীতে দুই রুশ নারীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে তিনি বলেছেন, সেই নারীদের সাথে জেফরি এপস্টিনের পাচার করা বা নির্যাতিত নারীদের কোনো যোগসূত্র ছিল না। তিনি দাবি করেছেন, তিনি নিজে কোনো অবৈধ কাজ করেননি এবং এপস্টিনের আশেপাশে থাকাকালীন কোনো অনৈতিক দৃশ্য তার চোখে পড়েনি।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার একটি অভ্যন্তরীণ সভায় গেটস স্বীকার করেন তার এই ব্যক্তিগত ভুলগুলো ফাউন্ডেশনের বিশাল জনহিতকর কাজকে ম্লান করে দিচ্ছে। তিনি জানান, এপস্টিনের অতীত সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য না নিয়ে তার সাথে সাক্ষাৎ করা ছিল তার জীবনের অন্যতম বড় ভুল সিদ্ধান্ত। ২০১৩ সালে তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটস যখন এপস্টিনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তখনও তিনি সেই সম্পর্ক ছিন্ন না করায় এখন গভীরভাবে অনুতপ্ত। তিনি বলেন, এপস্টিনের সাথে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য তিনি লজ্জিত এবং দুঃখিত।
এদিকে নতুন প্রকাশিত নথিতে এপস্টিনের লেখা একটি ইমেইলকে কেন্দ্র করে নতুন বিতর্ক দানা বেঁধেছে। সেই ইমেইলে দাবি করা হয়েছে, গেটস রুশ তরুণীদের সাথে সম্পর্কের ফলে একটি যৌনরোগে আক্রান্ত হয়েছিলেন এবং স্ত্রীকে না জানিয়ে সেটি নিরাময়ের জন্য ওষুধের ব্যবস্থা করতে চেয়েছিলেন। তবে বিল গেটস এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এপস্টিন নিজের কাছে একটি ইমেইল লিখে রেখেছিলেন যা কোনোদিন পাঠানো হয়নি এবং সেই ইমেইলের ভেতরের তথ্যগুলো বানোয়াট। এপস্টিনের মতো একজন অপরাধীর সংস্পর্শে আসার মাশুল হিসেবেই তাকে এখন এই ধরনের কুৎসিত অপবাদের মুখোমুখি হতে হচ্ছে বলে তিনি মনে করেন।

