চিরিরবন্দর কেন্দ্রীয় শহীদ মিনার (স্টেশন চত্ত্বর) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘চিরিরবন্দর মিনি ম্যারাথন সিজন-২ -২০২৬’।
শনিবার ভোরে ম্যারাথনে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা তথা রংপুর বিভাগ থেকে আগত তরুণ থেকে বয়স্ক, নারী ও পুরুষ বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সকাল ৫.৩০ মিনিটে ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ, দিনাজপুর-৪ আসনের (চিরিরবন্দর-খানসামা) মাননীয় সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।
স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ চিরিরবন্দর (স্যাক) ও চিরি নদীর বাতিঘর-পাঠাগার এই প্রতিযোগিতার আয়োজন করে।
আয়োজকেরা জানান, ম্যারাথনে ১০ কিলোমিটার রান অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষসহ প্রায় দুই শতাধিক প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ভোর থেকেই পুরো শহীদ মিনার চত্বর প্রতিযোগীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।
স্যাকের সভাপতি মোস্তাকিম আল- হাসনাতের সভাপতিত্বে ম্যারাথনের পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু শরীরচর্চায় সীমাবদ্ধ নয়। এটি সুস্থ সমাজ গঠন, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদকমুক্ত ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে এমন আয়োজন নিয়মিতভাবে করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী, দুদকের উপ-সহকারী পরিচালক ও স্যাকের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান লাবু, রুপালী ব্যাংক পিলসির কর্মকর্তা ও স্যাকের সাবেক সভাপতি মো. আকতারুজ্জামান।

