দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তা দিচ্ছে সরকার : চিফ হুইপ

0
দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তা দিচ্ছে সরকার : চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) একটি প্রতিনিধি দল।

সোমবার সংসদ ভবনে চিফ হুইপের নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা সংসদকে শক্তিশালীকরণ, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাক স্বাধীনতা, জাতীয় সংসদের অধিবেশন ও সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

ইউএনডিপি প্রতিনিধি দলে ছিলেন-সংস্থাটির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা (গভর্ন্যান্স) ড্রাগন পপভিচ এবং প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান।

বৈঠকে চিফ হুইপ মো. নূরুল ইসলাম দেশের পরিবেশগত ও অর্থনৈতিক নানা সমস্যার কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে। সরকার পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ ও খাল খননের মতো কর্মসূচিও গ্রহণ করেছে।

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদকে শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। চিফ হুইপ বলেন, সংসদে বিরোধী দল ও সরকারি দল ঐকমত্য পোষণ করলে অনেক সমস্যারই দ্রুত সমাধান হয়ে যায়।

জ্বালানি বিষয়ক বিশেষ কমিটি গঠনের ফলেই দেশে জ্বালানি সমস্যার সমাধান সম্ভব হয়েছে।

দেশের অগ্রগতির জন্য পারস্পরিক বিশ্বাসের ওপর গুরুত্বারোপ করে মো. নূরুল ইসলাম বলেন, আমাদের সবার একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। না হলে আমরা দেশকে এগিয়ে নিতে পারব না। সুশাসনের জন্য গণতন্ত্র প্রয়োজন।

এসময় ইউএনডিপির সহকারী প্রোগ্রাম উপদেষ্টা ড্রাগন পপভিচ বলেন, বাংলাদেশে সংসদ সদস্য ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে পারে ইউএনডিপি। সংসদকে আরও বেশি কার্যকর করতে জাতীয় সংসদ ও ইউএনডিপি আগামীতে একসঙ্গে কাজ করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here