দর্শক টানতে ব্যর্থ, লোকসানের মুখে ‘সুপারগার্ল’

0
দর্শক টানতে ব্যর্থ, লোকসানের মুখে ‘সুপারগার্ল’

বড় বাজেট, বিশাল প্রচারণা আর নতুন ডিসি ইউনিভার্স নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু মুক্তির পর সেই প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি ‘সুপারগার্ল’। প্রথম সপ্তাহেই হতাশাজনক আয় করে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছে  ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি স্টুডিওস।

১৭০ মিলিয়ন ডলার নির্মাণ ব্যয়ের সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে উত্তর আমেরিকায় আয় করেছে মাত্র ৩৭ দশমিক ১ মিলিয়ন ডলার। আর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৬২ দশমিক ৬ মিলিয়ন ডলারে, যা স্টুডিওর প্রত্যাশার চেয়েও কম। নির্মাণ ব্যয়ের পাশাপাশি সিনেমাটির প্রচারণায় আরও প্রায় ১২০ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছিল।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, প্রেক্ষাগৃহের অংশ বাদ দিয়ে বিনিয়োগের অর্থ তুলতে এ ধরনের সিনেমার অন্তত ৩৭৫ মিলিয়ন ডলার আয় প্রয়োজন। তবে বর্তমান প্রবণতা অনুযায়ী, ‘সুপারগার্ল’-এর মোট বৈশ্বিক আয় ২০০ থেকে ২১০ মিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। এমনটি হলে স্টুডিওকে ৮০ থেকে ১২০ মিলিয়ন ডলার পর্যন্ত লোকসান গুনতে হতে পারে।

বক্স অফিস বিশ্লেষক জেফ বক মনে করেন, ‘সুপারগার্ল’ চরিত্রটি এখনো সাধারণ দর্শকের কাছে বড় ব্লকবাস্টারের আকর্ষণ তৈরি করতে পারেনি। পাশাপাশি গ্রীষ্মকালীন মুক্তির মৌসুমে তীব্র প্রতিযোগিতা এবং দর্শকদের মিশ্র প্রতিক্রিয়াও ছবিটির ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক। নবাগত হওয়ায় তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন প্রায় ৪ লাখ ডলার এবং তার সঙ্গে কোনো লাভভিত্তিক (ব্যাকএন্ড) চুক্তি ছিল না। ফলে তারকা পারিশ্রমিকে অতিরিক্ত ব্যয় না হলেও সিনেমাটির সামগ্রিক লোকসান কমানো সম্ভব হচ্ছে না। এটি ২০২৬ সালে ওয়ার্নার ব্রাদার্সের দ্বিতীয় বড় বাণিজ্যিক ব্যর্থতা। এর আগে The Bride! প্রায় ৯০ মিলিয়ন ডলার বাজেটের বিপরীতে বিশ্বব্যাপী মাত্র ২৩ মিলিয়ন ডলার আয় করেছিল।

অন্যদিকে, গত বছর জেমস গানে পরিচালিত ‘সুপারম্যান’ বিশ্বব্যাপী ৬১৮ মিলিয়ন ডলার আয় করে ডিসি স্টুডিওসকে নতুন আশার আলো দেখিয়েছিল। সেই সাফল্যের ভিত্তিতেই ১০ বছরের নতুন পরিকল্পনা শুরু করেছিল ডিসি। তবে ‘সুপারগার্ল’-এর হতাশাজনক ফলাফল সেই পরিকল্পনার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

তবে ডিসি স্টুডিওসের সহ-প্রধান পিটার স্যাফ্রা জানিয়েছেন, একটি ছবির ফলাফলকে কেন্দ্র করে তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা বদলাচ্ছেন না। ডিসি ইউনিভার্সের ভবিষ্যৎ নিয়ে তারা এখনও আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here