থালাপতির পর কি এবার রাজনীতিতে নামছেন সুরিয়া, গুঞ্জনের অবসান

0
থালাপতির পর কি এবার রাজনীতিতে নামছেন সুরিয়া, গুঞ্জনের অবসান

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়ার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জল্পনা-কল্পনা চলছিল। সম্প্রতি অভিনেতার একটি ফ্যান মিটের ভিডিও ভাইরাল হওয়ার পর অনুরাগীদের ধারণা হয়, তিনি হয়তো খুব শিগগিরই সক্রিয় রাজনীতিতে পা রাখছেন। 

তামিলনাড়ুর রাজনীতিতে আরেক জনপ্রিয় তারকা বিজয়ের সফল অভিষেকের পর এই বিতর্ক আরও ডালপালা মেলে। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে এবার আনুষ্ঠানিক স্পষ্টীকরণ দিয়েছে অভিনেতার ফ্যান ক্লাব ‘অল ইন্ডিয়া সুরিয়া ওয়েলফেয়ার মুভমেন্ট’।

সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে করা রাজনৈতিক মন্তব্যগুলোর সঙ্গে সুরিয়া বা ফ্যান ক্লাবের কোনো সম্পর্ক নেই। সেই সভায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত আর. বীরমানি তার বক্তব্যের শুরুতেই উল্লেখ করেছিলেন যে, এগুলো তার ‘ব্যক্তিগত মতামত’। কিন্তু কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বক্তব্যের এডিটেড বা কাটছাঁট করা অংশ ছড়িয়ে দিয়ে এটিকে ফ্যান ক্লাবের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে দেখানোর চেষ্টা করেছে। এ ছাড়া বীরমানি গত তিন বছর ধরে ফ্যান ক্লাবের কোনো প্রশাসনিক দায়িত্বে নেই বলেও বিবৃতিতে জানানো হয়।

সুরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করে সংগঠনটি সাফ জানিয়েছে, রাজনীতিতে আসার কোনো ইচ্ছাই এই অভিনেতার নেই। তিনি তার ‘আগারাম ফাউন্ডেশন’ এবং জনকল্যাণমূলক সংগঠনের মাধ্যমে মানুষের সেবা করতেই বেশি স্বাচ্ছন্দ্য ও আনন্দ পান। বর্তমানে সমাজসেবা এবং চলচ্চিত্রেই সুরিয়ার মূল মনোযোগ। তাই কোনো নতুন রাজনৈতিক দল গঠন বা সক্রিয় রাজনীতিতে জড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। 

অনুরাগীদের সামাজিক যোগাযোগমাধ্যমের যেকোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র অফিশিয়াল ঘোষণার ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছে ফ্যান ক্লাবটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here