তরুণদের ভাবনা আমাদের দেশ ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়: আজিজুল হাকিম

0
তরুণদের ভাবনা আমাদের দেশ ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়: আজিজুল হাকিম

সময়ের পরিক্রমায় বিনোদনজগতের প্রতিটি প্রজন্মই নিজস্ব সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় বড় হয়, তবে তরুণদের নতুন ও ভিন্নধর্মী চিন্তাভাবনাই এ দেশের সংস্কৃতিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণ প্রজন্মের কাজের ভূয়সী প্রশংসা করে তিনি তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। প্রবীণ এই তারকার মতে, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে তরুণরা যে সৃজনশীল কাজ করছে, তাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করা উচিত।

আজিজুল হাকিম বলেন, তরুণরা কিন্তু সব সময় ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা করে। আজকে যিনি তরুণ, কালকে তিনি প্রবীণ হচ্ছেন। আবার তরুণরা কিন্তু সেই জায়গাটায় এসে তার যে ভাবনা, সেই ভাবনাটা নিয়ে কাজ করবে। তাই আমি সব সময় বলি যে তরুণদের চিন্তাভাবনাটাই কিন্তু সামনের দিকে আমাদের সংস্কৃতিকে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যায়।

নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে এই অভিনেতা সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের বিষয়টির প্রতি আলোকপাত করেন। তিনি বলেন, আমরা যখন তরুণ ছিলাম, তখনকার যে ধরনের সুযোগ-সুবিধা বা যে ধরনের কাজের পরিবেশ ছিল-সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক যে বাস্তবতা ছিল, সেই বাস্তবতায় কাজ হয়েছে।

তিনি আরও যোগ করেন, এখনকার তরুণরা যে ধরনের বাস্তবতার মধ্যে বেড়ে উঠছে, তাদের পারিপার্শ্বিক যে অবস্থা, সেই অবস্থায় তারা কাজ করছে। আমি অবশ্যই মনে করি, তাদের এই কাজ ও চিন্তাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত।

নতুনদের কাজের মান ও নিষ্ঠা নিয়ে সন্তোষ প্রকাশ করে গুণী এই অভিনেতা বলেন, অনেক তরুণদের সঙ্গে কাজ করছি, অনেক নতুন নির্মাতার সঙ্গে কাজ করছি, যারা অনেক ভালো ভালো কাজ করছে এবং আমাদের সংস্কৃতিতে অনেক বড় একটা অবদান রাখার চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here