ঢাকা – ১৯ আসনের প্রার্থী দিলশানা পারুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দলের সাক্ষাৎ

0

আখতার রাফি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৯ আসনের সার্বিক নির্বাচন পরিবেশ ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুলের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে ইউরোপীয় ইউনিয়নের (European Union) নির্বাচন পর্যবেক্ষক দল।
রবিবার ( ০১/০২/২০২৬) ঢাকা–১৯ আসনের একটি নির্ধারিত স্থানে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থী দিলশানা পারুল ঢাকা–১৯ আসনের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনী পরিবেশ, প্রচারণার পরিস্থিতি, ভোটারদের মনোভাব এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।
দিলশানা পারুল পর্যবেক্ষক দলের কাছে বলেন, ঢাকা–১৯ আসনে জনগণ পরিবর্তন চায়। তারা একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশায় রয়েছে। তিনি আরও জানান, সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি।
তিনি নির্বাচনী মাঠে সমান সুযোগ নিশ্চিত করা, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিকে নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল প্রার্থী দিলশানা পারুলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন দিক সম্পর্কে প্রশ্ন করেন। পর্যবেক্ষকরা জানান, তারা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার সার্বিক চিত্র আন্তর্জাতিক মহলে তুলে ধরবেন।
মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সক্রিয় উপস্থিতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভোটারদের আস্থা আরও দৃঢ় করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here