ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০ গরু লুট

0
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০ গরু লুট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যারিকেড দিয়ে ১০টি গরু লুটের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের হামলায় ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার বালুজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। বৃহস্পতিবার ভোরে ট্রাকটি চৌদ্দগ্রামের বালুজুড়ি এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল ব্যারিকেড দিয়ে ট্রাকটির গতিরোধ করে।

এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে ট্রাকচালক আকরাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। পরে ট্রাকটি চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ি এলাকায় নিয়ে গিয়ে তাদের একটি পিকআপে ১০টি গরু তুলে নেয়। এরপর চালক আকরাম হোসেন ও তার সহকারী দেলোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায়।

ট্রাকচালক আকরাম হোসেন বলেন, ভোর ৩টার দিকে বালুজুড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ এসে ট্রাকের সামনে ব্যারিকেড দেয়। পরে ডাকাত দলের সদস্যরা আমাকে কুপিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়। পরে ফেলনা মোল্লা এলাকায় নিয়ে আমাকে ও আমার সহকারীকে গাছের সঙ্গে বেঁধে গরুগুলো নিয়ে চলে যায়।

গরুর মালিক মো. রফিক জানান, বুধবার দুপুরে রাজশাহীর চারঘাট বাজার থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ১০টি গরু চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গরুগুলো চট্টগ্রামের হাটে নেওয়া হচ্ছিল।

তিনি অভিযোগ করেন, ডাকাতরা মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে চালক ও হেলপারকে আহত করে গরুগুলো লুট করে নিয়ে গেছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, গরুর মালিক থানায় এসেছেন। ট্রাকচালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here