
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছেন।
চার দিনের সফরে মঙ্গলবার পৌনে ৭টায় প্রতিনিধি দলের সদস্যরা দিল্লি থেকে ঢাকায় পৌঁছেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজরা জেয়ার সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কৌর।
মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন। প্রতিনিধিদল আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক হবে।
প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক হবে। নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হবে মার্কিন প্রতিনিধি দলের। এছাড়া তারা আগামীকাল কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন।
মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফরকালে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায্য শ্রম অনুশীলন এবং মানবিক সহযোগিতার বিষয়ে জোর দেবেন। উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি গত ৮ জুলাই থেকে ভারত সফরে রয়েছে। ভারত থেকেই বাংলাদেশে আসছেন তারা। সফর শেষে আগামী ১৪ জুলাই ঢাকা ছাড়বে।

