ইউক্রেনের বাড়তে থাকা ড্রোন হামলা মোকাবিলায় এবার দেশের ব্যাংক ও তাদের কর্মীদের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করতে চায় রাশিয়া। এ সংক্রান্ত একটি বিল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। আইনটি কার্যকর করতে এখনো উচ্চকক্ষের অনুমোদন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর প্রয়োজন।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ব্যাংকগুলোকে নিজেদের ভবনে বৈদ্যুতিক সংকেত বিঘ্নকারী (জ্যামিং) যন্ত্র বসানোর খরচ নিজেকেই বহন করতে হবে। এসব যন্ত্র ব্যবহার করে ড্রোনের সঙ্গে নিয়ন্ত্রণকারীর যোগাযোগ বিচ্ছিন্ন বা দুর্বল করা হবে, যাতে লক্ষ্যবস্তু নির্ধারণ ও হামলা চালানো কঠিন হয়ে পড়ে। পাশাপাশি নির্বাচিত কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আগত ড্রোন ভূপাতিত করার দায়িত্বও দেওয়া হতে পারে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের তথ্য অনুযায়ী, বিলটি প্রথম গত বছরের আগস্টে উত্থাপন করা হয় এবং পরে এর পরিধি বাড়ানো হয়। এতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকসহ বড় আর্থিক প্রতিষ্ঠান, যেমন রাষ্ট্রনিয়ন্ত্রিত সবারব্যাংকও অন্তর্ভুক্ত রয়েছে।
রাশিয়ার প্রায় প্রতিটি শহরেই ব্যাংকের শাখা থাকায় এসব ভবনকে প্রতিরক্ষায় যুক্ত করলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কভারেজ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে পরিকল্পনাটি বাস্তবায়নে ব্যাপক অবকাঠামো ও প্রশিক্ষণের প্রয়োজন হবে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন।
নতুন আইনে ব্যাংককর্মীরা নিরাপত্তা বাহিনীর নির্দেশ ছাড়াই ড্রোনের সংকেত বিঘ্নিত করতে পারবেন। প্রয়োজনে তারা আকাশ, স্থল ও পানিভিত্তিক চালকবিহীন যানও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করার ক্ষমতা পাবেন। কোন কর্মীরা এই দায়িত্ব পালন করবেন, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই নির্ধারণ করবে।
পশ্চিমা বিশ্লেষকদের মতে, ইউক্রেনের দূরপাল্লার ও উন্নত ড্রোন হামলা রাশিয়ার বিস্তৃত ভূখণ্ডে প্রতিরক্ষা কঠিন করে তুলেছে। এসব ড্রোন যুদ্ধক্ষেত্রের প্রায় ১,২৫০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনেও রুশ সেনাদের সরবরাহ ব্যাহত করছে।

