টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বিনোদনমূলক মাদক ব্যবহারের দায়ে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় বিপাকে পড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।
বুধবার (২২শে এপ্রিল) ইএসপিএনক্রিকইনফোকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন মুখপাত্র জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই বিষয়টি বোর্ডকে জানিয়েছে। এ বিষয়ে পিসিবি যথাযথ প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ার ফলাফল আজ আইসিসিকে জানানো হবে।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়মিত পরীক্ষার মাধ্যমে এই পজিটিভ ফলাফল আসে। পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছে। টুর্নামেন্টে ৩২ বছর বয়সী এই ক্রিকেটার পাঁচটি ইনিংসে মাত্র ১৫ রান করেন এবং সাতটি উইকেট নেন। টুর্নামেন্টে পাকিস্তান সুপার এইট থেকে বিদায় নেয়।
বিনোদনমূলক মাদক ব্যবহারের দায়ে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার পর সারের সঙ্গে তার চুক্তি বাতিল হয়ে গেছে। ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার জন্য তিনি ইতোমধ্যেই অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছিলেন। চলতি সপ্তাহেই তার চুক্তির বিষয়টি ঘোষণা করার কথা ছিল। কিন্তু এই অলরাউন্ডার ২৬ মে থেকে ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি লিগে খেলবেন না। তবে সারে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
বর্তমানে নওয়াজ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এ মুলতান সুলতানসের প্রতিনিধিত্ব করছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচে ৩৬ রান করতে পেরেছেন। বল হাতে তিনি ৩২.৬৬ গড়ে ছয়টি উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট ওভার প্রতি ১০.৮৮ রান।

