ডিজিটাল দুনিয়ায় শিশু সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে তুরস্ক

0
ডিজিটাল দুনিয়ায় শিশু সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে তুরস্ক

শিশুদের ডিজিটাল নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস করেছে তুরস্ক।

ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিভিন্ন দেশের সরকার শিশুদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে যে কঠোর অবস্থান নিচ্ছে তুরস্কের এ নতুন আইনটি তারই ধারাবাহিকতা। ইতোমধ্যে দেশটির পার্লামেন্টে এ আইনটি পাস হয়ে গেছে। নতুন এ নিয়মে বয়স যাচাইয়ের পাশাপাশি গেইমিং প্ল্যাটফর্মগুলোর ওপরও কড়াকড়ি আরোপ করেছে তুরস্ক।

রয়টার্স লিখেছে- স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে ক্রমাগত উদ্বেগের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের প্রবেশাধিকার সীমিত করতে তুরস্ক এ নতুন উদ্যোগে যোগ দিল। 

এ নতুন আইনের ফলে সামাজিক মাধ্যম কোম্পানিগুলোকে এখন থেকে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের ব্যবস্থা কার্যকর করতে হবে। গেইম সফটওয়্যার প্ল্যাটফর্মগুলোকেও এই আইনের আওতায় আনা হয়েছে। এখন থেকে বিভিন্ন ধরনের গেইম কোম্পানিকে বয়স অনুসারে শ্রেণিবদ্ধ এবং তুরস্কে সংশ্লিষ্ট কোম্পানির একজন প্রতিনিধি নিয়োগ করতে হবে।

সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞার বৈশ্বিক জোয়ার

গত এক বছরে বিশ্বজুড়ে সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিষয়টি বেশ গতি পেয়েছে। অন্যান্য দেশগুলো কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তার একটি চিত্র তুলে ধরা হল-

অস্ট্রেলিয়া: বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করে আইন পাস করেছে দেশটি, যা ২০২৫ সালের ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।

মালয়েশিয়া: নভেম্বরে তারাও ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের পরিকল্পনা ঘোষণা করেছে। নতুন এই নিয়ম ২০২৬ সাল থেকে কার্যকর হতে পারে।

ইন্দোনেশিয়া: ২০২৬ সালের মার্চ থেকে টিকটক, ফেইসবুক ও ইনস্টাগ্রামের মতো ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্মগুলোতে’ ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ শুরু করেছে দেশটি।

যুক্তরাজ্য: তারাও অস্ট্রেলিয়ার মতো ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে। বর্তমানে সামাজিক মাধ্যমে সময়ের সীমাবদ্ধতা ও নির্দিষ্ট সময়ে ব্যবহারের প্রভাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে তারা।

ফ্রান্স ও অস্ট্রিয়া: দেশ দুটি যথাক্রমে ১৫ এবং ১৪ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের পথে হাঁটছে।

ব্রাজিল: এরইমধ্যে এমন এক আইন করেছে দেশটি, যেখানে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট তাদের অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে যোগ করা বাধ্যতামূলক।

যুক্তরাষ্ট্র: দেশটিতে একটি কেন্দ্রীয় আইন রয়েছে, যা ১৩ বছরের কম বয়সীদের তথ্য সংগ্রহে মা-বাবার অনুমতি নেওয়া বাধ্যতামূলক করেছে। তবে বাকস্বাধীনতার দোহাই দিয়ে বেশ কিছু অঙ্গরাজ্যের আদালতে এ আইন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

টিকটক, ফেইসবুক ও স্ন্যাপচ্যাটের মতো অধিকাংশ বড় সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৩ বছর হওয়া বাধ্যতামূলক। তবে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, এ নিয়ন্ত্রণ ব্যবস্থা যথেষ্ট নয় এবং শিশুরা সহজেই তা ফাঁকি দিতে পারে।

ইউরোপীয় পার্লামেন্টও একটি প্রস্তাব পাস করেছে, যেখানে পুরো ইউরোপীয় ইউনিয়ন জুড়ে সামাজিক মাধ্যম ব্যবহারের ন্যূনতম বয়স ১৬ করার আহ্বান জানানো হয়েছে। তুরস্কের এ নতুন পদক্ষেপসহ বিভিন্ন দেশের সাম্প্রতিক বিভিন্ন আইন এখন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর সরাসরি দায়ভার চাপাচ্ছে।

প্রসঙ্গত, কঠোরভাবে বয়স যাচাইয়ের এসব নিয়ম না মানলে অনেক দেশেই এখন এসব কোম্পানিকে কয়েক লাখ ডলার জরিমানার হুঁশিয়ারি দিচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here