পবিত্র ঈদুল আজহার পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
আজ ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৮৯ ও ২০৪৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে এক হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৬৮ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৯১২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩০টি কোম্পানির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ১১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৮০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৮টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর।
মঙ্গলবার সিএসইতে ২৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৪৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

