উৎসবমুখর পরিবেশে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ডাব্বোতে বাংলা বর্ষবরণ উদযাপিত হয়েছে। গতকাল শনিবার মনোরম ভিক্টোরিয়া পার্কের ক্লাব হাউজে এ আয়োজন করে ‘ওরানা কমিউনিটি বাংলাদেশ ইনক’।
অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যমণ্ডিত এ আয়োজনে সবার মুখে ছিল উচ্ছ্বাসের ছাপ।
অনুষ্ঠানের শুরুতে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখা হয়। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশীয় গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং শিশুদের অংশগ্রহণে নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কনসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম।
আয়োজকদের পক্ষে কাউন্সিলর শিবলী চৌধুরী জানান, প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠনের সমন্বয় করেন আমদাদুল হক, বুশরা সালাহউদ্দিন, কাশফিয়া মাহারিন এশাসহ অন্যরা। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শুহারিয়া, নাশরাহ, মোহাম্মদ সাফিকুল ইসলাম, শামীমা আক্তার এবং তামান্না আজিম নিশা।

