রেকর্ড গড়া এক ইনিংস খেললেন দিলারা আক্তার, আর তাতেই জয় দিয়ে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৩ রানে হারিয়ে রানার্সআপ হিসেবে প্রতিযোগিতা শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
বৃহস্পতিবার এডিনবার্গে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার দিলারা আক্তার। তার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।
অন্য প্রান্তে উইকেট ধরে রেখে তাকে ভালো সঙ্গ দেন সোবহানা মোস্তারী। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ৮ বলে ১৩ রান করে ফিরলেও দিলারার ব্যাটে থামেনি রানের গতি। মাত্র ২২ বলে ফিফটি করে বাংলাদেশের নারী ক্রিকেটে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের নতুন রেকর্ড গড়েন তিনি। এর আগে এই রেকর্ড ছিল রুমানা আহমেদের। তিনি ২৮ বলে ফিফটি করেছিলেন।
দিলারা শেষ পর্যন্ত ২৬ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। তার ইনিংসে ছিল একের পর এক দৃষ্টিনন্দন বাউন্ডারি। শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪ বলে ৯ রান এবং সোবহানা মোস্তারী ৯ বলে ১১ রানে অপরাজিত থেকে দলের সংগ্রহকে আরও শক্তিশালী করেন।
৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে নেদারল্যান্ডস। ওপেনার হেদার স্লেঙ্গার্স ও বাবেত্তে ডি লিডের ব্যাটে উদ্বোধনী জুটিতে আসে ৫২ রান। ম্যাচ একসময় ডাচদের দিকেই ঝুঁকে পড়েছিল।
তবে ফারিহা ইসলাম তৃষ্ণা এক ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচে বাংলাদেশকে ফেরান। হেদার ১৫ বলে ২১ এবং ডি লিডে ১৪ বলে ৩০ রান করে আউট হন। এরপর রিতু মনির নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় নেদারল্যান্ডস।
শেষ দিকে রবিনে রিজ চেষ্টা করলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি ডাচরা। নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেটে ৮৫ রান তুলতে সক্ষম হয় তারা। ফলে ১৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ফারিহা ইসলাম তৃষ্ণা ও রিতু মনি দুটি করে উইকেট শিকার করেন। যদিও স্কটল্যান্ড আগেই সিরিজের শিরোপা নিশ্চিত করেছিল, তবুও শেষ ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই ত্রিদেশীয় সিরিজের অভিযান শেষ করল টাইগ্রেসরা।

