ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় ডলার কেনাবেচার নামে প্রতারণার অভিযোগে যুবদল নেতা-সহ একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ভূল্লী থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা, নগদ টাকা, মোবাইল ফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে উপজেলার ৫নং শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড সুইসগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী। গ্রেফতারকৃতরা হলেন— মো. মানিক হোসেন (৪৩), ভূল্লী শুখানপুকুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), মো. আশরাফুল ইসলাম (৪৭), মো. মনোয়ার হোসেন (৪০) এবং মো. মোখলেছ (৪৮)।
পুলিশ জানায়, বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে চক্রটির সদস্যরা ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ভূল্লী থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে।
এ ঘটনায় ভুক্তভোগী হিসেবে রয়েছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার মো. জুবায়েত জাহিদ (৪৪), একই শাখার পিয়ন মো. আজাহার আলী (৫৪) এবং মো. গোলাম মোস্তফা (৫৫)। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি ডলার, সাতটি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধারকৃত আলামত ও নথিপত্র যাচাই-বাছাই করে চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি এ ধরনের প্রতারণার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিস্তৃত তদন্ত অব্যাহত রয়েছে।

