ট্রাম্প বনাম লেট নাইট শো: মার্কিন প্রেসিডেন্টের ‘টিভি-প্রীতি’ নিয়ে টিপ্পনী

0
ট্রাম্প বনাম লেট নাইট শো: মার্কিন প্রেসিডেন্টের ‘টিভি-প্রীতি’ নিয়ে টিপ্পনী

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টকশো ‘দ্য লেট শো’র দীর্ঘ পথচলা আগামী ২১ মে শেষ হতে যাচ্ছে। শো-টির অন্তিম দিনগুলো উদযাপনে সোমবারের বিশেষ পর্বে উপস্থাপক স্টিফেন কোলবার্টের আমন্ত্রণে হাজির হয়েছিলেন লেট নাইট দুনিয়ার অন্য চার মহারথী—জিমি ফ্যালন, জিমি কিমেল, সেথ মেয়ার্স এবং জন অলিভার। 

টেলিভিশন ইতিহাসের অন্যতম এই বিরল আড্ডায় তারা যেমন তাদের শো-গুলোর ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন, তেমনি রসিকতায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেট নাইট শো প্রীতি নিয়েও।

আড্ডার একপর্যায়ে কোলবার্ট তার অতিথিদের কাছে জানতে চান, তরুণ কৌতুক অভিনেতা হিসেবে তারা কি কখনো ভেবেছিলেন এমন কাজ করবেন যা নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্টের কড়া মাথাব্যথা থাকবে? এর উত্তরে জিমি কিমেল সাম্প্রতিক সময়ে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার বাগবিতণ্ডার প্রসঙ্গ টেনে বলেন, প্রেসিডেন্টের চেয়েও তার স্ত্রীর তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হওয়াটা বেশি অদ্ভুত। কিমেল যখন গ্রুপ চ্যাটে মেলানিয়ার রাগান্বিত ছবি পাঠিয়েছিলেন, সেই মুহূর্তের স্মৃতিচারণ করে জন অলিভার হাসিতে ফেটে পড়েন। অন্যদিকে সেথ মেয়ার্স কৌতুক করে বলেন, ট্রাম্প যখন তাদের শো চলাকালীন ট্রুথ সোশ্যালে পোস্ট করেন, তখন তার ভালোই লাগে। কারণ এর অর্থ হলো প্রেসিডেন্ট সরাসরি টিভিতে তাদের অনুষ্ঠান দেখছেন এবং প্রকারান্তরে লিনিয়ার টেলিভিশনকেই সমর্থন করছেন।

কোলবার্ট যখন লেট নাইট শোগুলোর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন, তখন জিমি কিমেল এর বিশাল ফ্যানবেসের কথা উল্লেখ করেন। তিনি জানান, মানুষ এখন ইউটিউবেও তাদের অনুষ্ঠান দেখছে এবং এই মাধ্যমের প্রতি দর্শকদের টান এখনো অটুট। 

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে সিবিএস কর্তৃপক্ষ ‘দ্য লেট শো’ বন্ধের ঘোষণা দেয়, যার কারণ হিসেবে তারা আর্থিক সংকটের কথা বলেছিল। তবে অনেকের ধারণা, প্যারামাউন্ট ও স্কাইড্যান্সের মধ্যকার বড় একীভূতকরণ প্রক্রিয়া সহজ করতেই কোলবার্টকে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে সমালোচক হিসেবে পরিচিত ট্রাম্প প্রশাসনের বিরাগভাজন হতে না হয়।

কোলবার্টের বিদায়ী পর্বগুলোতে অতিথি হিসেবে আসার কথা রয়েছে এই শো-টির সাবেক কিংবদন্তি উপস্থাপক ডেভিড লেটারম্যানের। সিবিএস কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে তিনি ক্ষোভ উগরে দিয়ে নেটওয়ার্কের কর্তাব্যক্তিদের ‘প্রতারক’ হিসেবে অভিহিত করেছেন। লেটারম্যানের মতে, স্রেফ ব্যবসায়িক ডিল পাকা করতেই কোলবার্টের মতো একজন প্রভাবশালী উপস্থাপককে বলির পাঁঠা বানানো হয়েছে। 

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর কোলবার্টের বিদায় এবং বড় বড় নেটওয়ার্কগুলোর এমন সিদ্ধান্ত আমেরিকান লেট নাইট কমেডির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

সূত্র: ভ্যারাইটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here