ট্যানারিতে বেছে বেছে কেনা হচ্ছে চামড়া, ২০ শতাংশ বাতিল

0
ট্যানারিতে বেছে বেছে কেনা হচ্ছে চামড়া, ২০ শতাংশ বাতিল

ঈদুল আজহার প্রথম দিন থেকেই সাভারের চামড়া শিল্পনগরীতে শুরু হয়েছে কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণের ব্যস্ততা। তবে এবার ত্রুটিযুক্ত ও রোগাক্রান্ত পশুর চামড়া কিনতে অনাগ্রহ দেখাচ্ছে ট্যানারিগুলো। বেছে বেছে ভালো মানের চামড়া সংগ্রহ করায় ইতোমধ্যে আসা চামড়ার প্রায় ২০ শতাংশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পর্যন্ত সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে প্রায় ১১ হাজার চামড়া পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুপুরের পর থেকে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকভর্তি চামড়া নিয়ে ট্যানারিগুলোতে ভিড় বাড়তে থাকে।

সরেজমিনে দেখা যায়, ট্যানারির ভেতরে চলছে চরম ব্যস্ততা। কোথাও ট্রাক থেকে চামড়া নামানো হচ্ছে, কোথাও আবার দ্রুত লবণ দিয়ে সংরক্ষণের কাজ চলছে। চামড়ার মান ঠিক রাখতে শ্রমিকদের নিরবচ্ছিন্নভাবে কাজ করতে দেখা গেছে।

ট্যানারি সংশ্লিষ্টরা জানান, রাতে চামড়ার চাপ আরও কয়েকগুণ বাড়বে। সে অনুযায়ী প্রস্তুতিও রাখা হয়েছে। ট্যানারির নিজস্ব সংগ্রহ টিমের পাশাপাশি মৌসুমি ব্যবসায়ীদের মাধ্যমেও চামড়া সংগ্রহ চলছে।

একটি ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম খান বলেন, চামড়া নষ্ট হওয়া ঠেকাতে রাতভর কাজ চলবে। তবে রোগ-বালাইযুক্ত ও ত্রুটিপূর্ণ চামড়া গ্রহণ করা হচ্ছে না। দুপুর পর্যন্ত আসা চামড়ার প্রায় ২০ শতাংশ বাতিল করা হয়েছে।

এদিকে এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২ টাকা বেশি। ঢাকার বাইরে এ দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা। এছাড়া খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here