টেইলর সুইফট ও বিয়ন্সের দুই গান এখন আমেরিকার ‘জাতীয় সম্পদ’

0
টেইলর সুইফট ও বিয়ন্সের দুই গান এখন আমেরিকার ‘জাতীয় সম্পদ’

মার্কিন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত এবং ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন ২৫টি রেকর্ডিংকে এ বছর লাইব্রেরি অব কংগ্রেসের ‘ন্যাশনাল রেকর্ডিং রেজিস্ট্রি’তে অন্তর্ভুক্ত করা হয়েছে। মর্যাদাপূর্ণ এই তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বর্তমান প্রজন্মের দুই মহাতারকা টেইলর সুইফট এবং বিয়ন্সে। 

আজ বৃহস্পতিবার এই ঘোষণা দিয়ে লাইব্রেরি অব কংগ্রেস জানিয়েছে, সাংস্কৃতিক ও নান্দনিক গুরুত্বের বিচারে এই শব্দভান্ডারগুলো আগামী প্রজন্মের জন্য চিরস্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।

২০২৬ সালের এই তালিকায় বৈচিত্র্যময় সব জনরা এবং দশকের গান স্থান পেয়েছে। যার মধ্যে রয়েছে টেলর সুইফটের ২০১৪ সালের ব্লকবাস্টার অ্যালবাম ‘১৯৮৯’ এবং বিয়ন্সের ২০০৮ সালের কালজয়ী সিঙ্গেল ‘সিঙ্গেল লেডিস (পুট আ রিং অন ইট)’। এ ছাড়া বড়দিনের চিরচেনা সুর হোসে ফ্যালিসিয়ানোর ‘ফেলিজ নাভিদাদ’, চাকা খানের ‘আই ফিল ফর ইউ’ এবং রিবা ম্যাকএন্টায়ারের অ্যালবাম ‘রিমার হ্যাজ ইট’ এই বিশেষ তালিকায় স্থান পেয়েছে। শুধু গান নয়, ১৯৭১ সালের মোহাম্মদ আলী বনাম জো ফ্রেজিয়ারের ঐতিহাসিক ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’র রেডিও সম্প্রচারকেও জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে।

এবারের নির্বাচনের মাধ্যমে একটি নতুন ইতিহাস তৈরি হয়েছে। সংগীতশিল্পী রোজান ক্যাশ এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় প্রথমবারের মতো কোনো বাবা ও মেয়ে উভয়েই এই রেজিস্ট্রিতে স্থান পেলেন; তার বাবা জনি ক্যাশের গান ২০০৩ সালে সংরক্ষিত হয়েছিল। 

নিজের গান নির্বাচিত হওয়া প্রসঙ্গে শিল্পী ভিন্স গিল আবেগঘন বার্তায় জানান, দীর্ঘ ৫০ বছরের ক্যারিয়ারে তিনি চান এই একটি গানের মাধ্যমেই বিশ্ব তাকে মনে রাখুক। অন্যদিকে চাকা খান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, লাইব্রেরি অব কংগ্রেসের এই স্বীকৃতি প্রমাণ করে যে তার গানটি কেবল একটি ‘হিট’ ছিল না, বরং এটি একটি ইতিহাস।

ন্যাশনাল রেকর্ডিং প্রিজারভেশন বোর্ডের চেয়ারম্যান রবিন আহরোল্ড জানিয়েছেন, আমেরিকার ২৫০তম বার্ষিকী উদযাপনের এই বছরে এই ২৫টি রেকর্ডিং আমেরিকান অভিজ্ঞতার এক বিশাল প্রতিফলন। 

উল্লেখ্য, প্রতি বছর জনসাধারণের কাছ থেকে পাওয়া কয়েক হাজার মনোনয়ন থেকে বিশেষজ্ঞ কমিটি এই তালিকা চূড়ান্ত করে। এবারের নতুন সংযোজনের ফলে লাইব্রেরি অব কংগ্রেসের সংরক্ষিত মোট রেকর্ডিংয়ের সংখ্যা দাঁড়াল ৭০০-তে। আগামী ১ অক্টোবর পর্যন্ত পরবর্তী বছরের জন্য নতুন মনোনয়ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

সূত্র: পিপল ডট কম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here