ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারের বন্দীদের জন্য খেলা দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে টেলিভিশন স্থাপন করা হচ্ছে, যাতে কারাবন্দীরাও বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করতে পারেন।
জেলা প্রশাসক শরীফা হক জানান, নিয়মিত কারাগার পরিদর্শনের সময় বন্দীরা তার কাছে বিশ্বকাপের খেলা দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান। তাদের সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
তিনি বলেন, কারাবন্দীরা শাস্তি ভোগ করলেও তারা সমাজেরই অংশ। একজন স্বাভাবিক মানুষের মতো তাদেরও বিনোদন ও আনন্দ পাওয়ার অধিকার রয়েছে। বিশ্বকাপ ফুটবলের মতো একটি বৈশ্বিক আয়োজনের আনন্দ থেকে তাদের বঞ্চিত রাখা উচিত নয়। সেই চিন্তা থেকেই আমরা টিভি স্থাপনের ব্যবস্থা করেছি।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কয়েকটি ওয়ার্ডে টেলিভিশন স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব ওয়ার্ডে এ সুবিধা নিশ্চিত করা হবে। খেলা দেখার সুযোগ পেয়ে বন্দীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার বলেন, বিশ্বকাপ উপলক্ষে টিভি স্থাপনের ফলে বন্দীদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তাদের মধ্যে আনন্দের পাশাপাশি শৃঙ্খলাও বৃদ্ধি পেয়েছে। বন্দীদের মানসিক প্রশান্তি ও পুনর্বাসনের ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।
জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, বন্দীদের মানসিক বিকাশ ও সংশোধনের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

