ঝিনাইদহের সদর ও শৈলকুপা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) বিকেলে সদর উপজেলার মায়াধরপুর ও শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দি গ্রামের দিনমজুর আসাদুল ইসলাম (৪০) এবং শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন (৪৫)।
জানা গেছে, আসাদুল ইসলাম সদর উপজেলার মায়াধরপুর গ্রামের মাসুদ রানার বাড়িতে দিনমজুর হিসেবে ধান কাটার কাজ করছিলেন। বিকেলে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে বিকেলে ঝড় শুরু হলে বাড়ির পাশের একটি আম বাগানে আম কুড়াতে যান আন্না খাতুন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ছাড়া ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া এবং শৈলকুপার বিভিন্ন এলাকায় বজ্রপাতে আরও সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে শৈলকূপা উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহিদুল ইসলামের স্ত্রী সেলিনা বেগমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

