জেমস বন্ড চরিত্রে নতুন মুখের খোঁজে অডিশন শুরু

0
জেমস বন্ড চরিত্রে নতুন মুখের খোঁজে অডিশন শুরু

ব্রিটিশ সিক্রেট সার্ভিসের জেমস বন্ড চরিত্রে কে আসছেন, তা জানার অপেক্ষার প্রহর অবশেষে শেষ হতে চলেছে। ফ্রাঞ্চাইজির ২৬তম সিনেমার জন্য বন্ড নির্ধারণ করতে অডিশন শুরু করেছে প্রযোজনা সংস্থা।

অ্যামাজন এমজিএম স্টুডিও এক বিবৃতিতে বলেছে, এই ব্লকবাস্টার সিনেমার পরবর্তী কিস্তি শুরু করতে নির্মাতা নির্ধারণের পর আরও এক ধাপ আগানো সম্ভব হয়েছে। তবে কেবল জেমস বন্ড নয় সহশিল্পী খোঁজার কাজও শুরু করে দিয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিও।

বিবৃতিতে বলা হয়, পরবর্তী জেমস বন্ডের সন্ধান চলছে। এবং অভিনয়শিল্পী বাছাই প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে। অডিশন চলাকালীন সিনেমা সংক্রান্ত আর তেমন কোনো তথ্য সামনে আনা হবে না জানিয়ে প্রযোজনা সংস্থা আরও বলেছে, সঠিক সময় এলেই আমরা জিরোজিরোসেভেনের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেব।

এখন পুরনো বন্ডদের উত্তরসূরী কে হতে চলেছেন তা নিয়ে ভক্তদের জল্পনার শেষ নেই। সিএনএন জানিয়েছে, বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার, অ্যারন টেলর-জনসন ও হ্যারিস ডিকিনসন এবং অস্ট্রেলিয়ান তারকা জ্যাকব এলর্ডি।

১৯৬২ সালে শন কনেরি অভিনীত জেমস বন্ডয়ের প্রথম ছবি ‘ড. নো’ দিয়ে ব্রিটিশ গুপ্তচরকে প্রথম পর্দায় আনা হয়। এরপর জর্জ লেজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান বন্ড হয়েছেন। ব্রসনানের পর ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিতে শুরু করে গত ১৫ বছরে অত্যন্ত ব্যবসাসফল পাঁচটি জেমস বন্ড সিনেমায় অভিনয় করার পর ব্রিটিশ স্পাই চরিত্রটিকে ২০২১ সালে বিদায় জানান ড্যানিয়েল ক্রেইগ। ২০২১ সালের শেষের দিকে ‘নো টাইম টু ডাই’ মুক্তির মধ্য দিয়ে তার বন্ড অধ্যায় শেষ হয়।

ক্রেইগের বিদায়ের পর সে সময় বন্ড ফ্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছিল, দুটি শর্তে কোনো নড়চড় নেই। সেগুলো হল বন্ডের বয়স এবং উচ্চতা। নতুন বন্ডকে ৩০ থেকে ৩২ বছর বয়সী হতে হবে, যাতে দীর্ঘসময় তাদের সঙ্গে সেই অভিনেতা থাকতে পারেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উচ্চতা। নতুন বন্ডের উচ্চতা কম হলেও হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি। এছাড়া নির্মাতারা চাইছিলেন, বন্ড হয়ে যে অভিনেতাই আসুন না কেন, তাকে আগামী অন্তত এক থেকে দেড় দশক বন্ড হয়ে থাকতে হবে। অভিনেতার অভিনয় গুণ এবং যাবতীয় শর্ত পূরণ হলে তবেই নতুন বন্ডের নাম ঘোষণা করা হবে।

ছয় দশকের বেশি সময় ধরে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট জেমস বন্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল ইয়ন ফিল্মস। বন্ড কে হবেন, তার চলাফেরা থেকে শুরু করে অস্ত্র তাক করার স্টাইল কেমন হবে সব ঠিক করতেন ইয়নের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দীর্ঘ ৬৩ বছর পর বন্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ হারায় ইয়ন ফিল্মস। অ্যামাজন এমজিএম স্টুডিও ও ইয়ন ফিল্মসের মধ্যে একটি চুক্তি হয়। ওই চুক্তির ফলে উইলসন ও ব্রোকলি এককভাবে বন্ডের সৃজনশীল নিয়ন্ত্রণ হারায়।

সে সময় এক বিবৃতিতে বলা হয়েছে উইলসন ও ব্রোকলি সহ স্বত্বাধিকারী হিসেবে থাকছেন এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। সিনেমার নতুন পর্বের সিদ্ধান্ত থেকে অভিনয়শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করবে অ্যামাজন এমজিএম। সিনেমার নতুন পর্ব কবে আসবে, আগামী বন্ড কে হবেন, অন্যান্য অভিনয়শিল্পী কারা হচ্ছেন-সব কিছুর সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এখন অ্যামাজন এমজিএম স্টুডিওর হাতে।

স্টুডিওর হাতে দায়িত্ব পৌঁছানোর চারমাসের মাথায় জানা যায়, নতুন জেমস বন্ড পরিচালনর দায়িত্ব পেয়েছেন প্রখ্যাত কানাডিয়ান পরিচালক ডেনিস ভিলেনিউভ। পরিচালক ভিলেনিউভ নতুন জেমস বন্ডের নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব কাঁধে নিয়েছেন। তবে নতুন বন্ড সিরিজের নাম এখনো ঠিক করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here