জীবন্ত পশুর মাংস খেয়ে ফেলে, ৬০ বছর পর ফিরল সেই দানব পরজীবী

0
জীবন্ত পশুর মাংস খেয়ে ফেলে, ৬০ বছর পর ফিরল সেই দানব পরজীবী

দীর্ঘ ৬০ বছর পর যুক্তরাষ্ট্রে আবারও দেখা মিলেছে ভয়ংকর মাংসখেকো পরজীবী স্ক্রুওয়ার্মের। টেক্সাস অঙ্গরাজ্যে প্রথমবারের মতো গবাদি পশুর শরীরে এই পরজীবীর সংক্রমণ শনাক্ত হওয়ায় খামারিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে, টেক্সাসের লা প্রায়র এলাকায় একটি বাছুরের শরীরে ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ নামের এই পরজীবী শনাক্ত হয়েছে। মেক্সিকো সীমান্ত থেকে মাত্র ৩০ মাইল দূরে এই সংক্রমণ ধরা পড়ায় পরিস্থিতিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, স্ক্রুওয়ার্ম এক ধরনের পরজীবী মাছি, যা জীবন্ত পশুর শরীরে ডিম পাড়ে। পরে সেই ডিম থেকে বের হওয়া লার্ভা জীবন্ত মাংস খুবলে খেতে শুরু করে। সময়মতো চিকিৎসা না পেলে আক্রান্ত প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

কৃষি বিভাগ জানিয়েছে, আক্রান্ত বাছুরটির বয়স মাত্র তিন সপ্তাহ। এর নাভির অংশে লার্ভার উপস্থিতি পাওয়া গেছে।

সংক্রমণ ঠেকাতে টেক্সাস প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আক্রান্ত এলাকার চারপাশে ২০ কিলোমিটারজুড়ে কোয়ারেন্টাইন ও নজরদারি জারি করেছে। কারণ আক্রান্ত প্রাণীর চলাচলের মাধ্যমেই এই পরজীবী দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় অভিনব এক পদ্ধতি গ্রহণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ্যা পুরুষ স্ক্রুওয়ার্ম মাছি পরিবেশে ছেড়ে দিয়ে এদের বংশবিস্তার ঠেকানোর পরিকল্পনা করা হয়েছে। এতে স্ত্রী মাছির ডিম নিষ্ক্রিয় হয়ে পড়বে এবং ধীরে ধীরে পরজীবীর বিস্তার কমে আসবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের কৃষি সচিব ব্রুক রলিন্স জানিয়েছেন, দক্ষিণ টেক্সাসে বিশেষ দল কাজ শুরু করেছে এবং খামারিদের সতর্ক থাকতে বলা হয়েছে।

তবে এই পদক্ষেপ নিয়ে সমালোচনাও রয়েছে। টেক্সাসের কৃষি কমিশনার সিড মিলার বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় কৃষি বিভাগ যথেষ্ট দ্রুত পদক্ষেপ নেয়নি।

বিশেষজ্ঞদের মতে, এই পরজীবী মানুষ ও পোষা প্রাণীকেও আক্রান্ত করতে পারে, তবে মানুষের ক্ষেত্রে ঝুঁকি খুবই কম এবং এমন ঘটনা বিরল। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও এটি কোনো ঝুঁকি তৈরি করে না।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here