জাতীয় সংগীত নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ রেজাইয়ান, ‘এটা আপনাদের বিষয় নয়’

0
জাতীয় সংগীত নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ রেজাইয়ান, ‘এটা আপনাদের বিষয় নয়’

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে জাতীয় সংগীত পরিবেশনের সময় গ্যালারির একাংশ থেকে দুয়ো ও শিসের শব্দ শোনা যায়। ম্যাচ শেষে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিরক্তি প্রকাশ করেন ইরানের গোলদাতা রামিন রেজাইয়ান।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’-এর ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইরান। ম্যাচটিতে ইরানের প্রথম গোলটি করেন রেজাইয়ান। দ্বিতীয় গোলেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। তার বাড়িয়ে দেওয়া বল থেকেই হেডে গোল করে দলকে সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জাতীয় সংগীতের সময় গ্যালারির প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে রেজাইয়ান সংক্ষিপ্ত ও কড়া ভাষায় জবাব দেন।

তিনি বলেন, এটা আপনাদের বিষয় নয়।

এরপর আরও বলেন, আমাদের মধ্যে কোনো সমস্যা থাকলে, সেটা আমাদের নিজেদের বিষয়। এটি আপনাদের আলোচনার বিষয় নয়।

ম্যাচটি অনুষ্ঠিত হয় কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে। লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী বিপুলসংখ্যক ইরানি-আমেরিকান দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তাদের একটি অংশ বর্তমান ইরান সরকারের বিরোধী। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে কয়েক শ মানুষ ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভও করেন।

ইরানের বাইরে সবচেয়ে বড় ইরানি সম্প্রদায়ের একটি বসবাস করে লস অ্যাঞ্জেলেসে। এ কারণে শহরটিকে অনেক সময় ‘তেহরাঞ্জেলেস’ বলেও উল্লেখ করা হয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের সময় কিংবা তার পরবর্তী সময়ে দেশত্যাগ করা বহু ইরানি ও তাদের উত্তরসূরিরা এখানে বসবাস করেন।

স্টেডিয়ামের ভেতরেও ইরানের বিপ্লব-পূর্ব পতাকা বহন করতে দেখা যায় অনেক দর্শককে। জাতীয় সংগীতের সময় গ্যালারিতে যেমন দুয়ো শোনা গেছে, তেমনি করতালিও দিয়েছেন অনেকে। তবে ম্যাচ চলাকালে ইরান আক্রমণে উঠলে দর্শকদের বড় একটি অংশ দলটিকে সমর্থনও জানিয়েছে।

রাজনৈতিক বিতর্কের প্রসঙ্গ এড়িয়ে রেজাইয়ান ফুটবল নিয়েই কথা বলতে চান বলে জানান।

তিনি বলেন, আমরা এখানে ফুটবলসংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে এসেছি। আপনারা জানেন, ইরানের মানুষ অসাধারণ। এখন সারা বিশ্বের মানুষ আমার দেশের মানুষকে চিনতে পারছে।

ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে ইরান। রেজাইয়ানের গোলের পর মোহেবির হেডে দ্বিতীয়বার সমতায় ফিরে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আমির গালেনোয়েইয়ের দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here