জাতীয় সংগীত চলাকালে চেয়ারম্যানের ওপর হামলা

0
জাতীয় সংগীত চলাকালে চেয়ারম্যানের ওপর হামলা

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের সময় এক ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সিড্যা ইউনিয়নের ৩৬ নম্বর মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ব্যক্তির নাম আব্দুল হাদি জিল্লু। তিনি সিড্যা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একদল লোক চেয়ারম্যান আব্দুল হাদি জিল্লুর ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন ও ইউনিয়ন পরিষদের সচিবও হামলার শিকার হন।

স্থানীয়রা জানান, জাতীয় সংগীত পরিবেশনের সময় হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

এলাকাবাসী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে এমন ন্যক্কারজনক হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। শিশু শিক্ষার্থীদের সামনে এ ধরনের সহিংসতা তাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, ঘটনার পর অনেক শিক্ষার্থী ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাদি জিল্লু বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here