জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

0
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল।

পরে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের অনুপস্থিতিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তারা শিক্ষার্থী-সুবিধাবান্ধব ফি নির্ধারণের দাবি জানান। একই সঙ্গে ইমপ্রুভ পরীক্ষার ফি সর্বোচ্চ ৩০০ টাকা, ফলাফল পুনঃমূল্যায়ন ফি ১০০ টাকা, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার দাবি উত্থাপন করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত বছর যেখানে ফরম ফি ছিল ২২০০–২৩০০ টাকা, এ বছর তা বেড়ে ৩৩০০–৩৫০০ টাকায় উন্নীত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত পরিবারের হওয়ায় এই হঠাৎ ফি বৃদ্ধি তাদের জন্য ভোগান্তির কারণ হয়েছে। শিক্ষার মান উন্নয়ন না করেই ফি বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেন তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শাওন (রসায়ন), শহিদুল্লাহ (প্রাণিবিদ্যা), তৃশা (উদ্ভিদবিদ্যা), ফয়সাল (রসায়ন) ও নুরুল আমিন (ইসলামের ইতিহাস)। এছাড়া সিনিয়র শিক্ষার্থী রবিউল, রাব্বি ও আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অধ্যাপক শিব শংকর কারুয়া বলেন, “শিক্ষার্থীদের স্মারকলিপি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here