তীব্র গরমে এসএসসি পরীক্ষার সময় জয়পুরহাটে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের ভোগান্তি কমাতে মানবিক ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা করেন, যেখানে তারা স্বস্তিতে বসে অপেক্ষা করতে পারছেন।
এসএসসি পরীক্ষা শুরুর দিন থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়। এই অস্থায়ী বিশ্রামাগার চালুর ফলে অভিভাবকরা আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন না। তারা নির্দিষ্ট স্থানে বসে স্বস্তিতে অপেক্ষা করতে পারছেন, যা তাদের শারীরিক কষ্ট অনেকটাই লাঘব করেছে।
মোক্তাদুল হক আদনান জানান, ২১ এপ্রিল যখন পানি ও স্যালাইন বিতরণ করছিলাম, তখন কাছ থেকে অভিভাবকদের কষ্টটা অনুভব করি। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকছিলেন। তখনই মনে হয়েছে, অন্তত একটা বসার জায়গা তৈরি করা দরকার। সেই চিন্তা থেকেই এই অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে।

